নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ শুক্রবার ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর হোসেন (২৯) প্রাইভেট কারের চালক ছিলেন। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার বোয়ালমারি গ্রামের নজরুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে একজন ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার আমিরগাড়ী গ্রামের আবদুর সালামের ছেলে নোমান তরফদার। আহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ঢাকা থেকে মেহেরপুরগামী একটি প্রাইভেট কার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক নিহত হন। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সড়ক আইনে মামলার প্রস্তুতি চলছে।