ট্রেন যাত্রাবিরতি দিলে সজীবের লাশ উদ্ধার করা হয়। আজ রোববার বিকেলে নরসিংদী রেলস্টেশনে
ট্রেন যাত্রাবিরতি দিলে সজীবের লাশ উদ্ধার করা হয়। আজ রোববার বিকেলে নরসিংদী রেলস্টেশনে

নরসিংদীতে বজ্রপাতে ট্রেনের ছাদে থাকা একজনের মৃত্যু

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে ট্রেনটি ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশন অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। কিছুক্ষণ পর নরসিংদী রেলস্টেশনে যাত্রাবিরতি দিলে ট্রেনের ছাদ থেকে তাঁর লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

ওই ব্যক্তির নাম সজীব সরকার (৪০)। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের ফুলদী গ্রামের বাসিন্দা।

রেলওয়ে পুলিশ ও সজীবের স্বজনেরা জানান, আজ বিকেলে রাজধানী থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ‘ছ’ বগির ছাদে অবস্থান করছিলেন সজীব সরকার। ঝড়বৃষ্টির মধ্যে পার্শ্ববর্তী বগিগুলোর ছাদে আরও লোকজন অবস্থান করলেও ‘ছ’ বগির ছাদে তিনি একাই ছিলেন। বিকেল পাঁচটার দিকে ট্রেনটি ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশন অতিক্রমের সময় তাঁর ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানায়, বিকেল সোয়া পাঁচটার দিকে ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে যাত্রাবিরতি দেয়। পার্শ্ববর্তী বগিগুলোর ছাদে অবস্থান করা ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ট্রেনের ছাদের ওপর থেকে তাঁর লাশ উদ্ধার করে। উদ্ধারের পর ওই ব্যক্তির পরিবারের সদস্যরা ফাঁড়িতে এসে তাঁর লাশ শনাক্ত করেন।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার জানান, উপকূল এক্সপ্রেসের ‘ছ’ বগির ছাদে বজ্রপাতে সজীব নামের ওই ব্যক্তি মারা গেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।