ট্রেনে কাটা পড়ে মৃত্যু
ট্রেনে কাটা পড়ে মৃত্যু

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে রেললাইনে পড়ে নারীর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় এ ঘটনা ঘটে।

ওই নারীর নাম রাবেয়া খাতুন (৩৭)। তিনি ঢাকার খিলক্ষেতের জোয়ার সাহারা এলাকার বাসিন্দা।

মোবারকগঞ্জ রেলস্টেশন সূত্রে জানা যায়, আজ সকাল আটটার দিকে মোবারকগঞ্জ স্টেশনে বিরতির পর ট্রেনটি আবার যাত্রা শুরু করে। এ সময় রাবেয়া খাতুন ট্রেনে ওঠার চেষ্টা করেন। অসাবধানতাবশত পা পিছলে তিনি প্লাটফর্মের নিচে রেললাইনে পড়ে যান। এ ঘটনায় তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। শরীরের বিভিন্ন স্থানেও গুরুতর আঘাত পান তিনি।

খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারীকে উদ্ধার করেন। পরে তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোরে নেওয়ার পরামর্শ দেন। যশোর নেওয়ার পথে যশোর-ঝিনাইদহ সড়কসংলগ্ন সাতমাইল এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, মোবারকগঞ্জ রেলস্টেশনের প্ল্যাটফর্ম নিচু হওয়ায় ট্রেনে উঠতে গিয়ে ওই নারী নিচে পড়ে যান।

মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার নয়ন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার পর আমরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিই। তাঁরা এসে ওই নারীকে উদ্ধার করেন। পরে তাঁর মৃত্যু হয়।’