
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিএনপির এক নেতার কমলাভর্তি দুটি ট্রাক আটক করে ৭০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় ব্যবসায়ী মো. আকরাম হোসেন আজ বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সদস্য।
লিখিত অভিযোগে বলা হয়, গত সোমবার বিকেল সাড়ে চারটার দিকে তিনি ভারত থেকে আমদানি করা প্রায় ১০ মেট্রিক টন কমলা দুটি ট্রাকে করে ঢাকায় পাঠাচ্ছিলেন। গাজীপুর ইউনিয়নের পাক্কাবাড়ি এলাকায় বাল্লাগামী সড়কের সবুজ মিয়ার বাড়ির সামনে ইউনিয়ন ছাত্রদলের শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাসুক মিয়াসহ অজ্ঞাতনামা ২০–২৫ জন ট্রাক দুটি আটকে রাখেন। তাঁরা নিজেদের ছাত্রদলের নেতা পরিচয় দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে মালামাল নিয়ে যেতে দেওয়া হবে না বলে হুমকি দেন। পরে ৭০ হাজার টাকা দিলে ট্রাক দুটি ছেড়ে দেওয়া হয়।
আকরাম হোসেন বলেন, প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা শুল্ক পরিশোধ করে বাল্লা শুল্ক স্টেশন দিয়ে বৈধভাবে এসব কমলা আমদানি করা হয়। আমদানি করা পণ্যের বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।
এই ব্যবসায়ী আরও বলেন, টাকা না দিলে ব্যবসা করতে দেবে না বলেও তাঁকে হুমকি দেওয়া হয়। পরিস্থিতির চাপে পড়ে তিনি ৭০ হাজার টাকা দিতে বাধ্য হন।
অভিযুক্ত গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা মাসুক মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়।
গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান (রিয়াদ) বলেন, অভিযোগকারী ও অভিযুক্ত ব্যক্তিরা একই এলাকায় হওয়ার কারণে তাঁরা বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করার চেষ্টা করছেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।