মেঘনা নদীতে লবণবোঝাই ট্রলারডুবি, স্পিডবোট গিয়ে উদ্ধার করল ৭ জনকে

নোয়াখালী জেলার মানচিত্র
নোয়াখালী জেলার মানচিত্র

নোয়াখালীর হাতিয়া উপজেলার মৌলভীর চরের কাছে মেঘনা নদীতে এমভি বাহার নামের একটি ট্রলার ৬০০ মণ লবণসহ ডুবে গেছে। এতে ট্রলারে থাকা সাত মাঝিমাল্লা নদীতে ভাসতে থাকলে একটি স্পিডবোট গিয়ে তাঁদের জীবিত উদ্ধার করে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাতিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নদীতে একটি ট্রলার ডুবে যাওয়ার দৃশ্য দেখতে পেয়ে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট নৌরুটে চলাচলকারী সি-ট্রাকের লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম হোসেনকে অবহিত করেন। ইউএনওর নির্দেশে চেয়ারম্যানঘাট থেকে একটি স্পিডবোট গিয়ে ঘটনাস্থলে থেকে ভাসমান অবস্থায় থাকা সাত মাঝিমাল্লাকে উদ্ধার করে চেয়ারম্যানঘাটে নিয়ে আসে।

ডুবে যাওয়া ট্রলারের মাঝি আতিকুল ইসলাম জানান, তাঁরা ৬০০ মণ লবণ নিয়ে চট্টগ্রাম থেকে খুলনার উদ্দেশে যাচ্ছিলেন। হাতিয়ার পাশ দিয়ে যাওয়ার সময় ডুবোচরে আটক জোয়ারের স্রোতে ট্রলারটি উল্টে যায়। এ সময় তিনিসহ ট্রলারে থাকা সাত মাঝিমাল্লা নদীতে ভাসতে থাকেন। পরে চেয়ারম্যানঘাট এলাকা থেকে স্পিডবোট গিয়ে তাঁদের উদ্ধার করে। তিনি জানান, ট্রলারের মাঝিমাল্লাদের সবার বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়।

ট্রলারের মাঝি মো. বাদশা জানান, ট্রলারটি উল্টে গেলে তাঁরা সবাই যার যার মতো করে ভাসমান জিনিসপত্র নিয়ে নদীতে ঝাঁপ দেন। ভাসতে ভাসতে তাঁরা উত্তর দিকে চলে গেলে একপর্যায়ে স্পিডবোটটি আসে।

ইউএনও মো. সেলিম হোসেন বলেন, ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ার পরপরই সি-ট্রাকের মাস্টার মুঠোফোনে তাঁকে জানান। এরপর দ্রুত স্পিডবোট পাঠিয়ে মাঝিমাল্লাদের উদ্ধার করা হয়। তাঁরা সবাই সুস্থ আছেন।