
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি যাত্রীবাহী অটোরিকশার নিচে চাপা পড়ে মুসলিমা আক্তার (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার ফরাজিকান্দি এলাকায় বেড়িবাঁধের ওপরে ওই অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে। আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
নিহত মুসলিমা উপজেলার বালুচর গ্রামের মো. আলমগীর বকাউলের মেয়ে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকাল ১০টায় মারা যায় সে।
পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল দুপুরে ওই শিশু ফরাজীকান্দি এলাকায় যায়। সেখানকার বেড়িবাঁধের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে তার মাথা, পা, বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশ জখম হয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসেন এবং ফোন করে তার পরিবারকে খবর দেয়। সেখান থেকে উদ্ধার করে পরিবারের লোকেরা শিশুটিকে গতকাল সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকাল ১০টায় মারা যায় মুসলিমা।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন দুর্ঘটনায় শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তাঁর থানায় কেউ মামলা করেননি। অটোরিকশাটিকে ও এর চালাকেও আটক করা যায়নি।