
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন ১১ সেপ্টেম্বর বিকেল চারটা থেকে শুরু হবে।
আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমে যেসব আবেদনকারী মেধা তালিকায় স্থান পাননি বা মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি বা মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তী সময়ে ভর্তি বাতিল করেছেন, সেসব আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া কোনো শিক্ষার্থী দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন করতে চাইলে তাঁকে অবশ্যই ১৫ সেপ্টেম্বরের মধ্যে আগের ভর্তি বাতিল করতে হবে। এ–সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে।