
জামালপুরের ইসলামপুর সরকারি কলেজের জরাজীর্ণ রান্নাঘরের টিন বিক্রির অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের দুই নেতাকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জোনায়েদ হোসেন ও সাধারণ সম্পাদক রাব্বি মিয়া।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জোনায়েদ হোসেন ও সাধারণ সম্পাদক রাব্বি মিয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কলেজের পুরোনো একটি রান্নাঘর ভেঙে নতুনভাবে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি পুরোনো রান্নাঘরের চালের টিনগুলো খোলা হয়। গত মঙ্গলবার বিকেলে কাউকে না বলে পুরোনো ওই টিনগুলো বাইরে বিক্রি করে দেন জোনায়েদ হোসেন ও রাব্বি মিয়া। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে গতকাল রাতে কেন্দ্রীয় কমিটি তাঁদের দুজনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়।
এদিকে এক চিঠিতে দেখা গেছে, গত রোববার জোনায়েদ হোসেন ও রাব্বি মিয়া রান্নাঘরের পুরোনো টিন ও মালামাল কেনার জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। সেই অনুযায়ী, তাঁদের কাছে কলেজ কর্তৃপক্ষ ১০ হাজার টাকায় টিন ও মালামাল বিক্রি করেন।
ইসলামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আহাম্মদ আলী গণমাধ্যমকর্মীদের বলেন, পুরোনো রান্নাঘরের টিনসহ মালামাল কেনার জন্য জোনায়েদ হোসেন ও রাব্বি মিয়া আবেদন করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে তাঁদের কাছে টিনগুলো বিক্রি করা হয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য জোনায়েদ হোসেন ও রাব্বি মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তাঁদের দুজনের ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।