
নরসিংদীর শিবপুরে এক কিশোরকে অপহরণের পর মুক্তিপণ দাবি এবং হত্যার দায়ে এক আসামিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও অপর আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামি দুজন সম্পর্কে আপন ভাই। কারাদণ্ডের পাশাপাশি দুজনকেই ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ দণ্ডাদেশ দেন।
নিহত কিশোরের নাম শরীফ হোসেন (১৩)। সে শিবপুরের যোশর ইউনিয়নের মুরগীবের এলাকার আলতাফ হোসেন ও মাসুদা আক্তার দম্পতির ছেলে। আট বছর আগে অপহরণের পরদিন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে অপহরণ ও হত্যার অভিযোগে আমৃত্যু কারাদণ্ড পাওয়া আসামি হলেন আরিফ হোসেন। তিনি নিহত শরীফের ফুফা হন। আর সাত বছরের কারাদণ্ড পাওয়া আসামি আলভী হোসেন আরিফের আপন ছোট ভাই। তাঁরা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আদমপুর এলাকার স্থায়ী বাসিন্দা। এর মধ্যে আলভী জামিনে বের হয়ে পলাতক রয়েছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৪ সালের ৩ জুলাই বেলা তিনটার দিকে শরীফকে কাজ দেওয়ার কথা বলে মুঠোফোনে কল করে বাড়ি থেকে ডেকে নেন আরিফ। বাড়িতে এ কথা জানিয়ে ইটাখোলা গোলচত্বর এলাকায় গিয়ে আরিফের সঙ্গে দেখা করে শরীফ। পরে আর কোনো খোঁজখবর না পেয়ে শরীফের বিষয়ে আরিফের কাছে জানতে চান পরিবারের সদস্যরা। পরে আরিফ শরীফের মা মাসুদা আক্তারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় মাসুদা আক্তার বাদী হয়ে শিবপুর থানায় আরিফসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে লিখিত অভিযোগ দেন।
আদালত সূত্রে জানা যায়, শরীফের নিখোঁজের পরদিন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকা থেকে এক অজ্ঞাতনামা কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে শরীফের পরিবারের সদস্যরা বিজয়নগরে গিয়ে লাশটি শনাক্ত করেন। এ ঘটনায় নিহত শরীফের মা মাসুদা আক্তারের দেওয়া লিখিত অভিযোগটি মামলা হিসেবে নেয় শিবপুর থানার পুলিশ। পরে মুক্তিপণ দাবি করা মুঠোফোন নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি আরিফকে ও তাঁর ভাই আলভীকে গ্রেপ্তার করে পুলিশ। মুক্তিপণ না দেওয়ায় ছোট ভাই আলভীর সহায়তায় শরীফকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে আদালতে বিচারকের সামনে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আরিফ।
আদালতে দেওয়া আরিফের জবানবন্দি সূত্রে জানা যায়, বাসে তোলার পর শরীফকে অজ্ঞান করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নেওয়া হয়। পরে একটি মুঠোফোন থেকে কল করে তাঁর পরিবারের সদস্যদের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়। কিন্তু তাঁর জড়িত থাকার বিষয়টি জানাজানি হওয়ায় এবং থানায় লিখিত অভিযোগ দেওয়ায় ক্ষুব্ধ হন আরিফ। পরে ছোট ভাই আলভীর সহায়তায় শরীফকে শ্বাসরোধে হত্যার পর লাশ মাটিচাপা দেওয়া হয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী এম এ এন অলিউল্লা বলেন, চাঞ্চল্যকর এই মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় আদালত আসামি দুই ভাইয়ের মধ্যে আরিফ হোসেনকে ২০ হাজার টাকা অর্থদণ্ডসহ আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন। পলাতক আসামি আলভী হোসেনকে ২০ হাজার টাকা অর্থদণ্ডসহ ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ে সন্তুষ্টি প্রকাশ করে মামলার বাদী ও নিহত কিশোরের মা মাসুদা আক্তার বলেন, ‘সন্তানকে তো আর ফিরে পাব না, তার হত্যার বিচার পেয়েছি, আমরা খুশি।’