ঠিকাদারেরা জানান, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে তাঁরা ধীরগতিতে কাজ করতে বাধ্য হচ্ছেন। এ কাজে লোকসান গুনতে হবে দাবি তাঁদের।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা থেকে বাঁকা পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কের পৌনে ৪ কিলোমিটারের সংস্কারকাজ চলছে। কিন্তু এই কাজে ধীরগতির কারণে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। সড়কের আশপাশের বাড়ি ও প্রতিষ্ঠান ধুলায় ছেয়ে আছে। দীর্ঘদিনেও সড়কটির সংস্কারকাজ শেষ না হওয়ায় মানুষ ক্ষোভ প্রকাশ করছে।
ঠিকাদারেরা জানান, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে তাঁরা ধীরগতিতে কাজ করতে বাধ্য হচ্ছেন। এ কাজে বিপুল অঙ্কের টাকা লোকসান গুনতে হবে বলে দাবি তাঁদের।
সড়কটির সংস্কারকাজ দুই অংশে ভাগ করে দরপত্র আহ্বান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এর মধ্যে আশাশুনির কুল্যার মোড় থেকে গুনাকরকাটি বাজার পর্যন্ত সোয়া এক কিলোমিটার অংশের কাজ পান রাকা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তপন চক্রবর্তী। এ কাজের জন্য বরাদ্দ ১ কোটি ৩০ লাখ টাকা। ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি কাজ শুরু হয়ে ওই বছরের ৬ জুন শেষ হওয়ার কথা ছিল। অন্যদিক গুনাকরকাটি বাজার থেকে কাদাকাটি পর্যন্ত আড়াই কিলোমিটার কাজ পান ঢাকা ডিজাইন সলিউশন সেন্টারের স্বত্বাধিকারী মাহবুবুর রহমান। ২ কোটি ৬৩ লাখ টাকা মূল্যের কাজটি ২০২২ সালের ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল চলতি বছর ১১ জানুয়ারির মধ্যে।
স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই অংশের কাজই ম্যাকাডাম (খোয়ার কাজ) পর্যন্ত করে ফেলে রাখা হয়েছে কয়েক মাস ধরে। কাজ না আগানোর ফলে রাকা এন্টারপ্রাইজের কাজের অংশে ছয় মাস ধরে ধুলা ছড়িয়ে পড়ছে। ঢাকা ডিজাইন সলিউশন সেন্টারের কাজের অংশে তিন মাস ধরে ধুলা উড়ছে। সড়কের দুই পাশের বাড়িঘর, দোকানপাট, বিভিন্ন প্রতিষ্ঠানে ধুলার পুরো আস্তরণ জমছে। বুধহাটা-বাঁকা সড়কটি দিয়ে প্রতিদিন সাধারণ মানুষ, ব্যবসায়ী স্কুল-কলেজ ও মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী চলাচল করে থাকে। ঘর থকে কাজে বেরিয়ে ইটের খোয়ার ধুলায় নষ্ট হচ্ছে জামাকাপড়।
সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মো. আবদুল হাকিম বলেন, প্রতিদিন এই সড়কে চলাচল করতে মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সড়ক নির্মাণকাজে ধীরগতির কারণে ধুলাবালুতে পথচারীদের শ্বাস নিতে কষ্ট হয়। তিনি দ্রুত সময়ে সড়কটির সংস্কারকাজ শেষ করার দাবি জানান।
গুনকারকাটি গ্রামের শিক্ষক মিজানুর রহমান বলেন, এ সড়ক দিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী চলাচল করে প্রতিদিন। ধুলাবালুর কারণে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে।
এ বিষয়ে জানতে চাইলে মেসার্স রাকা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তপন চক্রবর্তীর বলেন, ইট, বালু, পাথর সবকিছুর মূল্য বেড়ে গেছে অত্যধিক। ফলে ১ কোটি ৩০ লাখ টাকার কাজ শেষ করতে তাঁর ২৫-৩০ লাখ টাকা লোকসান গুনতে হবে। গুনকরকাটি ওরস শরিফ মাত্র দুই সপ্তাহ পর। এখনই কাজ শুরু করলে ওরস শরিফের আগে শেষ করা যাবে না। এ জন্য আগামীকাল রোববার জনসাধারণের ভোগান্তি কমাতে পানি ছিটানো হবে। আর ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে কার্পেটিংয়ের কাজ শুরু করে দ্রুত সময়ে মধ্যে শেষ করা হবে।
একই কথা বলেন ঢাকা ডিজাইন সলিউশন সেন্টারের স্বত্বাধিকারী মাহবুবুর রহমান। তিনি বলেন, এ কাজে তাঁর ৩০-৪০ লাখ টাকা লোকসান গুনতে হবে। মানুষের ভোগান্তির কথা চিন্তা করে আগামী ফেব্রুয়ারির মধ্যে তাঁর অংশের কাজ শেষ করবেন।
আশাশুনি উপজেলা প্রকৌশলী নাজমুল হোসেন বলেন, কুল্যার মোড় থেকে কাদাকাটি পর্যন্ত সড়কের বিষয় তিনি একাধিকবার দুই ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছেন। তারা বলেছে, আগামী ফেব্রুয়ারি মধ্যে কাজ শেষ করে দেবে। না করলে ব্যবস্থা নেওয়া হবে।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়ানুর রহমান বলেন, জনভোগান্তির কথা চিন্তা করে বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। আশা করছেন এক মাসের মধ্যে ঠিকাদাররা সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ করে দেবেন। ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেবেন।