
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ককটেল বিস্ফোরণের মাধ্যমে নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির অভিযোগে বিএনপির ৮৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ সোমবার সকালে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল আলম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার এজাহারে পুলিশ উল্লেখ করেছে, গতকাল বিএনপির ডাকা হরতালের দিন পৌর শহরের ঘোড়াকান্দায় অবস্থিত পলাশ সিনেমা হলের কাছে দুর্বৃত্তরা ককটেলের বিস্ফোরণ ঘটায়।
তবে ভৈরবে কোথাও কোনো ককটেলের বিস্ফোরণ ঘটেনি বলে দাবি করেছেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, এই ধরনের তথ্য ভৈরববাসীর অজানা। কেউ না জানলেও, না দেখলেও বিস্ফোরণে শব্দ কেবল পুলিশের কান পর্যন্ত পৌঁছায়। মামলাটিকে তিনি দমন-পীড়নের রাজনৈতিক হাতিয়ার হিসেবে দেখছেন।
মামলার বাদী এসআই নাজমুল আলম বলেন, ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তদন্তেও প্রমাণ পাওয়া গেছে। সব তথ্য-উপাত্ত সংগ্রহ শেষে তবেই মামলা করা হয়।
পুলিশের করা এই মামলার আসামির মধ্যে আছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক হানিফ মাহমুদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাকারিয়া ফারুক, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজুয়ান উল্লাহ, পৌর ছাত্রদলের আহ্বায়ক হিসাম রহমান, সদস্যসচিব মুকিত আবদুল্লাহ ফারুক, উপজেলার আগানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, বিএনপির কর্মী মো. সুমন ও মিরাজ মিয়া। তাঁদের কাউকে গ্রেপ্তার করে পুলিশ।
তবে গতকাল রোববার ও আজ সোমবার ট্রেনসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাঁদের আটক করা হয়েছে, তাঁদের মধ্যে ১৫ জনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের জগন্নাথপুর এলাকার উবায়দুর রহমান, ভৈরবপুর উত্তরপাড়ার বাবুল মিয়া, একই জেলার বাজিতপুর উপজেলার মাইজচর গ্রামের বশির আহম্মেদ, বান্ডা গ্রামের আবুল হাশেম, তেগরিয়া গ্রামের সুমন মিয়া, চন্দ্র গ্রামের রুবেল মিয়া, খোলাহাটি গ্রামের জসিম উদ্দিন, পাথালিয়াকান্দি গ্রামের শাহিন মিয়া, কুলিয়াচর উপজেলার উসমানপুর গ্রামের ফয়েজ আহম্মেদ, উত্তর নন্দরামপুর গ্রামের মোবারক হোসেন, কুনাপাড়া গ্রামের সেলিম হোসেন, কটিয়াদী উপজেলার জাঙ্গালিয়া জহিরুল ইসলাম, ইটনা উপজেলার কৃষ্টপুর গ্রামের নুরুল ইসলাম, কিশোরগঞ্জ সদর থানার নওগাঁ এলাকার শফিকুল ইসলাম ও সুনামগঞ্জ জেলার সেগুহাটি গ্রামের রাজিব মিয়া। তাঁরা সবাই বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মী-সমর্থক হিসেবে পরিচিত।