ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে হাতিয়ায় দমকা হাওয়া ও বৃষ্টি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে হাতিয়া উপজেলায় হালকা বৃষ্টি হচ্ছে
ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নোয়াখালীর উপকূলীয় উপজেলা হাতিয়ায় গতকাল রোববার দিবাগত রাত ১২টার পর থেকে থেমে থেমে দমকা হাওয়া বইছে। সেই সঙ্গে হালকা বৃষ্টি হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুরি সভায় বসেছে।

আজ সকালে হাতিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। ইতিমধ্যে সিপিপির পক্ষ থেকে হাতিয়ার বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড় সতর্কতামূলক চার নম্বর হুঁশিয়ারি সংকেতের পতাকা তোলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনার আলোকে মাইকিংয়ের প্রস্তুতি রাখা হয়েছে।

হাতিয়া উপজেলা দুর্যোগ প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান সকালে প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গতকাল মধ্যরাত থেকে হাতিয়া উপজেলায় হালকা বৃষ্টি হচ্ছে। তবে সকালের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে।

এই কর্মকর্তা বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় ইতিমধ্যে হাতিয়া উপজেলার ২৪২টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র-কাম-প্রাথমিক বিদ্যালয়কে প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া প্রস্তুত আছেন সংস্থার ৩ হাজার ৫৪০ জন স্বেচ্ছাসেবক। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হলেও প্রায় ৯০ শতাংশ আশ্রয়কেন্দ্রে কোনো ধরনের আলোর ব্যবস্থা নেই। বাকি ১০ শতাংশ আশ্রয়কেন্দ্রে সৌরবিদ্যুতের ব্যবস্থা আছে। এই পরিস্থিতিতে তাঁরা আশ্রয়কেন্দ্রগুলোতে বিকল্পভাবে আলোর ব্যবস্থা করার প্রস্তুতি নিচ্ছেন।

হাতিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের পর্যবেক্ষক মো. সানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল মধ্যরাত থেকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে থেমে থেমে দমকা হাওয়া ও হালকা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর থেকে হাতিয়ায় ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে।

এ সময় সাগরের সব ধরনের নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ অবস্থানে থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় পাঁচ থেকে সাত ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।