তপন কুমার সাহা
তপন কুমার সাহা

বিকেলে ছিল অবসরের বিদায় অনুষ্ঠান, ভোরে মারা গেলেন প্রধান শিক্ষক

চাঁদপুরের হাজীগঞ্জে অবসরের বিদায় অনুষ্ঠানের দিন মারা গেলেন রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার সাহা (৫৯)। গতকাল সোমবার ভোরে চাঁদপুর শহরের নিজ বাসায় অসুস্থ হয়ে তিনি মারা যান।

গতকাল ছিল তপন কুমার সাহার চাকরিজীবনের শেষ কর্মদিবস। তাঁকে বিদায় জানাতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। প্রস্তুতিও চলছিল। এর মধ্যেই বিদ্যালয় প্রাঙ্গণে আসে তাঁর মরদেহ। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

সহকর্মী লিমা আক্তার বলেন, ‘দুপুরে স্যারকে বিদ্যালয় থেকে সংবর্ধনা ও স্মারক দেওয়ার সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু এর আগেই ভোরে খবর পাই, স্যার নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।’ তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তপন কুমার সাহার মৃত্যুর খবর নিশ্চিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোছাদ্দেক হোসেন বলেন, এমন মৃত্যুতে তাঁরা সবাই শোকাহত।

দুপুরে স্যারকে বিদ্যালয় থেকে সংবর্ধনা ও স্মারক দেওয়ার সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু এর আগেই ভোরে খবর পাই, স্যার নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
লিমা আক্তার, তপন কুমার সাহার সহকর্মী

গতকাল তপন কুমার সাহাকে বিদ্যালয় থেকে বিদায় সংবর্ধনা দেওয়ার কথা ছিল বলে জানান বাকিলা ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল আলম। তিনি ওই অনুষ্ঠানের অতিথি ছিলেন। কিন্তু এমন দিনে তপন কুমার সাহা এভাবে সবার কাছ থেকে বিদায় নেবেন, তা কেউ ভাবেননি।