ঘরের মেঝেতে পড়ে ছিল শারীরিক প্রতিবন্ধী তরুণীর লাশ, মা আটক

সুনামগঞ্জ পৌর শহরের হাজীপাড়া এলাকার এ বাড়ি থেকে বুধবার সকালে ফারজানা আক্তারের লাশ উদ্ধার করা হয়।
ছবি: প্রথম আলো

সুনামগঞ্জ পৌর শহরের হাজীপাড়া এলাকা থেকে আজ বুধবার এক শারীরিক প্রতিবন্ধী তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ এ ঘটনায় ওই তরুণীর মাকে আটক করেছে। আলামত হিসেবে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। পুলিশ কর্মকর্তাদের ধারণা, হতাশাগ্রস্ত হয়ে ওই নারী তাঁর মেয়েকে হত্যা করেছেন।

নিহত তরুণীর নাম ফারজানা আক্তার (২২)। তাঁর মায়ের নাম আছিয়া বেগম (৫৫)।স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে থানার পুলিশ জানায়, ফারজানার বাবা আজিজুল ইসলাম দুই বছর আগে মারা গেছেন। তিন ভাই ও এক বোনের মধ্যে ফারজানা আক্তার দ্বিতীয়। ফারজানা জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। চলাফেরা করতে পারেন না। বিছানাতেই দিন কাটে তাঁর। আছিয়া তাঁর দেখভাল করতেন। বড় দুই ভাই মামুন আহমদ ও নূর আলম আলাদা ঘরে থাকেন। ছোট ভাই মিফতাউল আহমদ (২০) মা ও বোনকে নিয়ে একটি ঘরে থাকেন।

আজ সকাল সাড়ে সাতটায় মামুনের স্ত্রী আছিয়া বেগমের জন্য চা নিয়ে তাঁর ঘরে যান। এ সময় তিনি দেখেন মেঝেতে রক্তাক্ত লাশ পড়ে আছে আর পাশেই ফারজানার মা আছিয়া বেগম বসে আছেন। এরপর তিনি চিৎকার দিলে পাশের কক্ষ থেকে প্রথমে মিফতাউল এগিয়ে যান। পরে প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে জানান। সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নূর আলম বলেন, ‘মা ফারজানাকে নিয়ে কষ্টে ছিলেন। তিনি নিজেও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।’ তবে এ ব্যাপারে আছিয়া বেগম কোনো কথা বলেননি।

মিফতাউল বলেন, ‘আমি ঘুমিয়ে ছিলাম। ভাবির ডাকাডাকিতে মায়ের কক্ষে গিয়ে এসব দেখি।’

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গোলাম সাবেরীন বলেন, আছিয়াদের পারিবারিক অবস্থা ভালো নয়। একটা টিনের ঘরে তাঁরা বসবাস করেন। প্রতিবন্ধী মেয়েটিকে মা-ই দেখভাল করতেন। মেয়েটির সবকিছু তাঁর মা-ই করতেন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মা আছিয়া বেগমকে আটক করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি।