চুয়াডাঙ্গায় ‘নাশকতা’ মামলায় বিএনপি ও ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় পুলিশের করা নাশকতা মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা মাহবুবুল ইসলাম ও ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় বিএনপি ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের দুজনকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে সদর থানার পুলিশের একটি দল শহরের টিঅ্যান্ডটি এলাকার একটি ছাত্রাবাস ও সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের গাইদঘাট গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুজন হলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান।

জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান প্রথম আলোকে জানান, আগামীকাল শনিবার বিএনপির কেন্দ্রীয় কমিটি দেশব্যাপী আন্দোলন কর্মসূচির ঘোষণা করেছে। শনিবারের কর্মসূচি বানচাল করতেই পুলিশ পূর্বপরিকল্পিতভাবে মাহবুবুল ও আমানউল্লাহকে গ্রেপ্তার করেছে। তিনি দাবি করেন, তাঁদের নামে কোনো মামলা না থাকলেও হয়রানিমূলকভাবে তাঁদের ছাত্রাবাস ও বাড়িতে ঘুমিয়ে থাকাকালীন গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির কর্মসূচির আগে চুয়াডাঙ্গা জেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় নেতাকর্মীদের আসামি করে তিনটি মামলা করে পুলিশ। চুয়াডাঙ্গা সদর, দর্শনা ও জীবননগর থানায় করা এসব মামলায় এর আগেই ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা সবাই বর্তমানে কারাভোগ করছেন। সব মিলে এখন গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ২৫।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সাঈদ প্রথম আলোকে বলেন, নাশকতার অভিযোগে ৪ ডিসেম্বর পুলিশের করা মামলায় অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে মাহবুবুল ইসলাম ও আমানউল্লাহ আমানকে গ্রেপ্তার করা হয়েছে।