
টানা এক মাস জ্বলার পর কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকার গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) কারিগরি কৌশলে এ আগুন নিয়ন্ত্রণে আসে। এবার ওই এলাকার মাটির নিচে সম্ভাব্য মজুত অনুসন্ধানের প্রস্তুতিও নিচ্ছে সংস্থাটি।
বাপেক্সের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও গ্যাসের প্রবাহ এখনো বন্ধ হয়নি। কূপ থেকে পাইপের মাধ্যমে গ্যাস বের হচ্ছে। সেটির প্রবাহ পুরোপুরি বন্ধ করতে আরও চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে।
এর আগে ২৭ অক্টোবর সকাল সাতটার দিকে ইনানী মেরিন ড্রাইভের ছোট ব্রিজসংলগ্ন এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় নলকূপ খননের সময় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে না আসায় ১১ নভেম্বর বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় বাপেক্সের একটি কারিগরি দল। এর পর থেকে তারা আগুন নেভানোর চেষ্টা করছিল।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা যায়, আজ সকালে বাপেক্সের ড্রিলিং দল ৩০ ইঞ্চি ব্যাসের পাইপ কূপের প্রায় ১৩ ফুট গভীরে প্রবেশ করিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চারদিক থেকে পানি ছিটিয়ে আগুনের তাপ কমায়। এরপর মাত্র ১০ মিনিটের মধ্যে ‘কেসিং’ বসানোর কাজ শেষ হয়। দুপুর নাগাদ ‘কেসিং’য়ের সঙ্গে যুক্ত ডাইভার্টারের মাধ্যমে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাস নির্দিষ্ট পাইপ দিয়ে প্রায় ৪০ ফুট দূরে সরিয়ে নেওয়া হয়। এতে আগুন নিভে যায়।
বাপেক্সের ড্রিলিং দলের কর্মকর্তা মো. রকিবুল হাসান বলেন, আগুন জ্বলন্ত অবস্থায় প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি স্থাপন করাই ছিল অভিযানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রথম ধাপে ১৩ ফুট কেসিং পাইপ স্থাপন করে ডাইভার্টারের মাধ্যমে গ্যাস বের হওয়ার পথ পরিবর্তন করা হয়েছে। এখন গ্যাস ওই পাইপের ভেতর দিয়ে নিরাপদ দূরত্বে বের হচ্ছে।
তবে এটিই চূড়ান্ত সমাধান নয় জানিয়ে রকিবুল হাসান আরও বলেন, আগে খনন করা প্রায় এক হাজার ফুট গভীর বোরিংয়ের ভেতরে পরবর্তী ধাপে ড্রিল পাইপ প্রবেশ করানো হবে। এরপর বাপেক্সের হাই–প্রেশার ‘সিমেন্টিং’ ইউনিটের মাধ্যমে পানি ও বেনটোনাইটের মিশ্রণ পাম্প করা হবে। এর মাধ্যমে ভূগর্ভে গ্যাস বের হওয়ার পথ স্থায়ীভাবে বন্ধ করার পরিকল্পনা রয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আসার পর ইনানীর মাটির নিচে গ্যাসের সম্ভাব্য মজুত অনুসন্ধানের প্রস্তুতিও নিচ্ছে বাপেক্স। রকিবুল হাসান বলেন, সেখানে ভূতাত্ত্বিক জরিপের প্রস্তুতি নেওয়া হবে। এ জন্য প্রয়োজনীয় বেজ তৈরি করতে হবে। পুরো জরিপ শেষ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে। এরপর পরীক্ষা–নিরীক্ষার মাধ্যমে গ্যাসের সম্ভাব্য মূল কাঠামো ও মজুতের অবস্থান নির্ধারণ করা হবে।
বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপ দলের দলনেতা এস এম নাফিকুন আরহাম বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও কূপ থেকে গ্যাসের নিঃসরণ এখনো চলছে। গ্যাসের প্রবাহ পুরোপুরি বন্ধ করতে ‘কেসিং’য়ের ভেতরে ড্রিলিং পাইপ প্রবেশ করিয়ে ‘সিমেন্টিং’ করা হবে। এ কাজ শেষ হতে চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে।
তবে আগুন নিয়ন্ত্রণে আসায় ইনানীতে গ্যাসক্ষেত্র আবিষ্কারের বিষয়টি নিশ্চিত হয়েছে—এমন দাবি করছে না বাপেক্স। সংস্থাটির প্রকল্প কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ভূগর্ভে গ্যাসের উপস্থিতি থাকলেই সেটিকে বাণিজ্যিক গ্যাসক্ষেত্র বলা যায় না। গ্যাসের পরিমাণ, চাপ, বিস্তৃতি ও উত্তোলন যোগ্যতা যাচাইয়ের পরই বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, শুরুতে ঘটনাটিকে ভূগর্ভের সীমিত পরিসরের ‘পকেট গ্যাস’ হিসেবে বিবেচনা করে প্রায় ১৫ দিন পর্যবেক্ষণে রাখে বাপেক্স। কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পরও গ্যাসের প্রবাহ ও আগুন অব্যাহত থাকায় বিশেষজ্ঞরা গ্যাসের চাপ ও তাপমাত্রা নিয়ে পরীক্ষা–নিরীক্ষা শুরু করেন। এতে ভূগর্ভে তুলনামূলক বড় গ্যাসের উপস্থিতি কিংবা সম্ভাব্য গ্যাসক্ষেত্র থাকার বিষয়টি গুরুত্ব পায়। এরপর আগুন নিয়ন্ত্রণে কয়েক ধাপে কারিগরি প্রস্তুতি নেয় বাপেক্স।
পান্না আক্তার বলেন, গতকাল বৃহস্পতিবার প্রথম দফায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হলেও কয়েক মিনিটের মধ্যে আগুন আবার জ্বলে ওঠে। পরে যান্ত্রিক ত্রুটি সংশোধন, ‘কেসিং’ ও প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপনের প্রস্তুতি শেষ করে আজ সকালে চূড়ান্ত অভিযান চালানো হয়।