মনোনয়নপত্র দাখিলের সময় হলফনামায় প্রার্থীরা নিজেরাই ওই তথ্য উপস্থাপন করেন। ১৭ অক্টোবর এই নির্বাচন হবে।

হত্যা, মারামারি, বিস্ফোরক, প্রতারণাসহ নানা অভিযোগে দায়ের করা মামলার আসামিরা কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী হয়েছেন। এ ছাড়া অতীতে মামলা ছিল এমন প্রার্থীরাও নির্বাচনে অংশ নিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের সময় হলফনামায় প্রার্থীরা নিজেরাই ওই তথ্য উপস্থাপন করেন। ১৭ অক্টোবর এই নির্বাচন হবে।
* চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ সদস্য পদে ৫৪ জন, সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১৮ জনসহ প্রার্থী হয়েছেন। * সদস্য প্রার্থী আবুল কালামের বিরুদ্ধেই তিনটি মামলা রয়েছে।
হলফনামা ঘেঁটে দেখা গেছে, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ সদস্য পদে ৫৪ জন, সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১৮ জনসহ মোট ৭৩ জন প্রার্থী হয়েছেন। এর মধ্যে ১০ প্রার্থীর বিরুদ্ধে ১৬টি মামলা আছে। সাধারণ সদস্য পদে ১৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. আবুল কালাম আজাদ ভূঁঞার বিরুদ্ধে জখম, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে তিনটি মামলা আছে। একই ওয়ার্ডের প্রার্থী জি এম জাহিদ হোসেন ওরফে টিপুর বিরুদ্ধে চেক জালিয়াতির একটি ও এমরানুল হক কামালের বিরুদ্ধে চেক জালিয়াতির একটি মামলা আছে। ১৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী মোস্তাক আহম্মেদের বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতার একটি মামলা আছে। ১১ নম্বর ওয়ার্ডের মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে লুটপাটের একটি মামলা রয়েছে। ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী আবদুল্লা আল মাহমুদের বিরুদ্ধে মারামারি, হত্যা ও জখমের তিনটি মামলা আছে। ৮ নম্বর ওয়ার্ডের মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে মারামারির একটি মামলা আছে। ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. জালাল উদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা আছে। ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. কাইয়ুম হোসাইনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা আছে। ৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত (মহিলা) সদস্য ফাহমিদা জেবিনের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে দুটি মামলা আছে।
পাঁচজন প্রার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিপক্ষরা বেশির ভাগ মামলা দায়ের করে। সামাজিক সমস্যা নিরসন করতে গিয়েও ক্ষুব্ধ ব্যক্তিরা মামলা করেন। এসব মামলা শেষ পর্যন্ত টেকে না।
অতীতে ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য প্রার্থী জেবন নেসা জীবন ওরফে স্বপ্নার বিরুদ্ধে জখমের দুটি মামলা ছিল। পারুল আক্তারের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৪ ধারায় মামলা ছিল। ৪ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ফাহমিদা জেবিনের বিরুদ্ধে মারামারি ও ১০৭ ধারায় দুটি মামলা ছিল। ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মো. কাইয়ুম হোসাইনের বিরুদ্ধে মারামারির একটি মামলা ছিল। ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. জালাল উদ্দিনের বিরুদ্ধে অতীতে বিস্ফোরক আইনে একটি মামলা ছিল। ১১ নম্বর ওয়ার্ডের মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে চুরির দুটি মামলা ছিল। ১১ নম্বর ওয়ার্ডের মো. সুলতান আহাম্মদের বিরুদ্ধে অতীতে জখমের অভিযোগে একটি মামলা ছিল। ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আবদুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে অতীতে বিভিন্ন অভিযোগে অন্তত ১০টি মামলা ছিল। জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানের বিরুদ্ধে তিনটি মামলা ছিল।
জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি শাহ মো. আলমগীর খান বলেন, ‘রাজনীতি করতে গেলে মামলা হামলার ঘটনা ঘটবে। এই ক্ষেত্রে সত্যিকারের অপরাধীদের ভোটাররা বর্জন করবেন। যাঁদের অহেতুক মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, সেটিও ভোটাররা জানবেন। তবে আমরা ভালো প্রার্থীকে ভোট দেওয়ার পক্ষে।’
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, প্রার্থীদের মধ্যে যাঁদের বিরুদ্ধে বর্তমানে ও অতীতে মামলা ছিল, তাঁরা হলফনামায় সেটি উল্লেখ করেছেন।