
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পেঁপে চুরির ঘটনায় জরিমানার কারণে ৭০টি পেঁপেগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার ভোরে উপজেলার ছদাহা ইউনিয়নের বহনা দীঘি এলাকায় মোহাম্মদ সাহাব মিয়া বাগানের এসব পেঁপেগাছ কাটার ঘটনা ঘটে।
সাহাব মিয়া অভিযোগ করেন, ‘পেঁপে চুরির ঘটনায় অভিযোগ দেওয়াসহ জরিমানা করার কারণে জহির, তাঁর ভাইয়েরা মিলে বাগানের ফলসহ ৭০টি পেঁপেগাছ কেটে ফেলেছেন। এতে আমার প্রায় ১ লাখ ২০ হাজার টাকা ক্ষতি হয়েছে।’
পুলিশ ও স্থানীর সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে বহনা দীঘি এলাকায় মোহাম্মদ সাহাব মিয়ার পেঁপেবাগান থেকে স্থানীয় কৃষক মোহাম্মদ জহির পেঁপে চুরি করেন বলে অভিযোগ ওঠে। পরের দিন স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে সালিস হয়। এতে পেঁপে চুরির ঘটনা প্রমাণিত হওয়ায় জহিরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনার জেরে আজ বুধবার ভোরে সাহাব মিয়ার বাগানের ফলসহ ৭০টি পেঁপেগাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে।’
অভিযোগের বিষয়ে জানার জন্য মোহাম্মদ জহির ও তাঁর ভাই ইসমাইলের মুঠোফোনে কল করা হলে তাঁরা ধরেননি।
স্থানীয় ইউপির সদস্য মো. আরিফুর রহমান বলেন, সালিসে পেঁপে চুরির ঘটনা প্রমাণিত হওয়ায় জহিরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এতে ক্ষুব্ধ হয়েই তাঁরা সাহাব মিয়ার বাগানের পেঁপেগাছগুলো কেটে ফেলেছেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, পেঁপেগাছ কেটে ফেলার বিষয়ে লিখিত একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।