
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী হারুনুর রশীদ বলেছেন, ‘আগে তারা আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছিল। এখন বোরকার মধ্যে ঢুকেছে। জামায়াতের বোরকা পরা নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের আইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করছেন; ধর্মের দোহায় দিচ্ছেন।’ চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আজ সোমবার বিকেলে নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।
নির্বাচনী প্রচারের শেষ দিনে এ সভার আয়োজন করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি। এ আসনে হারুনুর রশীদের প্রধান প্রতিপক্ষ জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম (বুলবুল)। হারুনুর রশীদ জানান, ‘জামায়াতের প্রার্থী বলেছেন, “আগামী দিনে তাঁরা (বিএনপি) জনগণের ভোটকে ভিন্ন খাতে প্রবাহিত করে পেছন দরজা দিয়ে নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখে। আগামী নির্বাচনের তিন দিন আগে থেকে আপনারা (জামায়াত নেতা-কর্মী) সজাগ ও সচেতন থাকবেন। প্রয়োজন হলে বাঁশের লাঠি কেটে রাখবেন। কোনো সন্ত্রাসীকে আপনারা ভোট সেন্টারের আশপাশে আসতে দেবেন না।”’
এ বক্তব্য নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন দাবি করে হারুনুর রশীদ বলেন, ‘আমি এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছি।’ এ সময় তিনি ধানের শীষে ভোট দিয়ে সব হুমকির জবাব দেওয়ার জন্য উপস্থিত জনতার প্রতি আহ্বান জানান।
জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন বিএনপির সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আসরাফি (পাপিয়া), আইনজীবী আবদুল ওদুদ, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, বিএনপি নেতা ময়েজ উদ্দীন প্রমুখ।