‘অপরাজনীতিমুক্ত, দারিদ্র্যমুক্ত ও শিক্ষা সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। আজ সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে
‘অপরাজনীতিমুক্ত, দারিদ্র্যমুক্ত ও শিক্ষা সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। আজ সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে

চট্টগ্রামে সভা

আ.লীগকে আবারও জেতানোর আহ্বান জানালেন উপাচার্যরা

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। আজ শনিবার বিকেলে এক আলোচনা সভায় তাঁরা এ আহ্বান জানান।

এতে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ইসমাইল খান বলেন, ‘সামনে দুটি জিনিস আছে। এক দিকে অন্ধকার পথ, আরেক দিকে সুন্দর সুনীল আকাশ। আমরা যেন সুনীল আকাশে এবং সুন্দর পথে যেতে শপথ নিই। পাশাপাশি নৌকা মার্কাকে জয়যুক্ত করি।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার বলেন, ‘চলুন ৭ জানুয়ারি সবাই একতাবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতটা শক্ত করে তুলি। তবেই আমরা স্মার্ট বাংলাদেশে প্রবেশ করতে পারব।’

অন্যদিকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেলিনা আখতার বলেন, ‘নানাভাবেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদের শিক্ষিত করার চেষ্টা করছেন। আমরা তাঁর প্রতীক্ষায় রইলাম। আবারও তিনি আসবেন। আমরা সবাই ভোটকেন্দ্রে যাব। ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করব।’

‘অপরাজনীতিমুক্ত, দারিদ্র্যমুক্ত ও শিক্ষা সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় উপাচার্যরা এসব কথা বলেন। চট্টগ্রাম নগরের প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এ সভার আয়োজন করে এডুকেশন রিসার্চ ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি)। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অনুপম সেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নেতৃত্বে থাকলে দেশ এগিয়ে যাবে। ৭ জানুয়ারি নির্বাচন আমাদের জন্য পবিত্র। যত লোককে পারা যায় ভোট দিতে নিয়ে যাওয়া আমাদের জন্য পবিত্র দায়িত্ব।’

সভায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। আমাদের জনগণের বিরুদ্ধে ছিল। এবার তারা জনগণের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন রকমের অপতৎপরতা চালাচ্ছে। এই অপতৎপরতার জবাব দিতে হবে ভোট এবং ব্যালটের মাধ্যমে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার প্রিয় নেত্রী শেখ হাসিনাকে আগামীবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম লুৎফুল আহসান, বেসরকারি সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য মুহাম্মদ মোজাম্মেল হক, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাংয়ের উপাচার্য জাহিদ হোসেন প্রমুখ। ইআরডিএফবির সভাপতি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহাদাত হোসেন। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কলেজের অধ্যক্ষেরাও বক্তব্য দেন। বক্তারা পুনরায় আওয়ামী লীগ সরকারকে ভোট দেওয়ার আহ্বান জানান।