বগুড়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। দলটির ডাকা সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির সমর্থনে আজ বুধবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলার লিচুতলা দ্বিতীয় বাইপাসে বিক্ষোভ করেন নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবারও সেখানে একই কর্মসূচি পালন করেছিলেন তাঁরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদারের নেতৃত্বে অবরোধ সমর্থকেরা মহাসড়কের লিচুতলা দ্বিতীয় বাইপাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। সমাবেশে হেলালুজ্জামান ছাড়াও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। অদূরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে থাকলেও তাঁরা অবরোধকারীদের বাধা দেননি। ঘণ্টাখানেক অবস্থান করার পর নেতা-কর্মীরা মহাসড়ক থেকে সরে যান।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকে মহাসড়ক অবরোধ করে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি পালন করেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ কর্মসূচি পালনে বাধা দেননি।’
শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনে কোনো বাধা নেই জানিয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা কেউ করলে কোনো ছাড় দেওয়া হবে না।