ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রির অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ১১টি জীবিত ও ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ১০ নম্বর সেক্টর এলাকায়
ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রির অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ১১টি জীবিত ও ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ১০ নম্বর সেক্টর এলাকায়

পূর্বাচলে গরু বলে ঘোড়ার মাংস বিক্রি, জবাই করা ও জীবিত ২০টি ঘোড়া উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি করছিল একটি অসাধু চক্র। খবর পেয়ে অভিযান চালিয়ে জবাই করা ৯টি ও জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ শুক্রবার ভোরে পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের হারারবাড়ী এলাকার একটি প্লটে অভিযান চালিয়ে এসব ঘোড়া উদ্ধার করা হয়।

পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্প সূত্রে জানা যায়, একদল অসাধু ব্যবসায়ী জবাইয়ের উদ্দেশ্যে অন্তত ২০টি ঘোড়া সেখানে নিয়ে আসে। এর মধ্যে তারা ৯টি ঘোড়া জবাই করে। ভোরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ৯৯৯–এ ফোন দিলে র‌্যাব ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান।

পূর্বাচল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হারুন অর রশিদ প্রথম আলোকে জানান, খবর পেয়ে পুলিশ ও র‌্যাবের সদস্যরা যৌথভাবে অভিযান চালান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১১টি জীবিত ও ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নির্জন স্থানে রাতের আঁধারে ঘোড়া জবাই করে ওই মাংস গরুর মাংস বলে কম দামে বিভিন্ন দোকানে বিক্রি করা হতো। ক্রেতারা তা গরুর মাংস ভেবে কিনে খাচ্ছিলেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।