খাগড়াছড়ির দুই উপজেলার অতি দুর্গম তিনটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। আজ সোমবার সকালে দীঘিনালা সেনানিবাসের হেলিপ্যাড থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে এসব নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। একই সঙ্গে হেলিকপ্টারে করে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও ভোটকেন্দ্র তিনটিতে নিয়ে যাওয়া হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, হেলিকপ্টারে সরঞ্জাম পাঠানো অতি দুর্গম তিনটি কেন্দ্রের একটি দীঘিনালা উপজেলায়, দুটি লক্ষ্মীছড়িতে। দীঘিনালা উপজেলার কেন্দ্রটির নাম নাড়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। অন্যদিকে লক্ষ্মীছড়ি কেন্দ্র দুটি হলো—বর্মাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পুট্টিছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাহাড়ি পথ, গভীর বনাঞ্চল ও ঝুঁকিপূর্ণ যাতায়াত ব্যবস্থার কারণে এসব ভোটকেন্দ্রে সড়কপথে নির্বাচনী সরঞ্জাম পরিবহন করা সম্ভব নয়। তাই হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম এবং ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।
খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, দুর্গম এলাকা হওয়ায় জেলার তিনটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারে করে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ, আনসারসহ ভোট গ্রহণে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারীদের কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।