পাবনায় বিস্ফোরণ মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

পাবনায় একটি বোমা বিস্ফোরণ মামলায় সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিলকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। সদরের মালিগাছা গ্রামের নিজ বাড়ি থেকে রোববার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ১১ ফেব্রুয়ারি বিকেলে জেলা সদরের কালিদাস মোড়ে জামায়াত-শিবিরের নেতা–কর্মীরা বিক্ষোভের নামে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছুটতে থাকেন। বিষয়টি জানার পর পুলিশের একটি দল সেখানে গেলে তাঁরা পুলিশের ওপরও চড়াও হন। পরে ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়। মামলার পর থেকেই অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছিল। পরে রাতে অভিযান চলিয়ে ইব্রাহিম খলিলকে গ্রেপ্তার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্দু বালা প্রথম আলোকে বলেন, ইব্রাহিম খলিলকে আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।