নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ ও ‘অরাজকতার’ ঘটনাগুলোর বিচারের দাবিতে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
শুক্রবার রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে জাকসুর উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নতুন প্রশাসনিক ভবনের সামনে দিয়ে নতুন কলা ভবন, পদার্থবিজ্ঞান ভবন ঘুরে আবার বটতলায় এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়।
সমাবেশ সঞ্চালনা করেন জাকসুর সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম। সমাবেশে জাকসুর সহসাধারণ সম্পাদক মো. ফেরদৌস আল হাসান বলেন, ‘আমরা বিশ্বাস করি, ধর্ষকদের কোনো দল নেই। আমরা প্রধানমন্ত্রীর কাছে এসব ধর্ষণের ঘটনার বিচার নিশ্চিত করার দাবি জানাই।’
সমাপনী বক্তব্যে জাকসুর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে ধর্ষণের বিচারের দাবিতে বারবার দাঁড়াতে হচ্ছে, এটি আমাদের জন্য লজ্জার।’ দেশব্যাপী ধর্ষণ প্রতিরোধ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি নৈতিক শিক্ষা জোরদার করা ও বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
জাকসুর সাধারণ সম্পাদক নির্বাচন-পরবর্তী সময়ে সারা দেশে আওয়ামী লীগের কার্যালয় খোলার প্রতিবাদ জানান এবং প্রধানমন্ত্রীর প্রতি তৃণমূল পর্যায়ের কর্মীদের নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান। আদালতে হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, আদালত স্বাধীন না হলে সুবিচার সম্ভব নয়।