ধামরাই

একটি সেতুর অভাবে বিচ্ছিন্ন ১৩ গ্রাম

একটি সেতুর অভাবে গ্রামগুলোর বাসিন্দাদের কৃষিপণ্য নিয়ে বিপাকে পড়তে হয়। ভুগতে হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী ও রোগীদেরও।

ছবি : প্রথম আলো

ঢাকার সাভারের পাশ দিয়ে বয়ে গেছে বংশী নদী। সাভারের নামাবাজার এলাকায় এই নদী পার

হয়ে অপর পাড়ে পৌঁছালেই ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়ন। এ ইউনিয়নের ভেতর দিয়ে

প্রবাহিত ধলেশ্বরীর শাখা নদীটি সাভারের নামাবাজারের অংশে বংশী নদীর সঙ্গে মিলে ওই ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের একটি অংশসহ তিনটি গ্রাম এবং এ উপজেলা ঘেঁষা সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ১০টি গ্রামকে বিচ্ছিন্ন করে রেখেছে।

গ্রামগুলোতে বাসিন্দার সংখ্যা লক্ষাধিক। তাঁদের যোগাযোগের একমাত্র মাধ্যম খেয়া নৌকা। ওই জায়গায় একটি সেতু করে দিলে ঘুচে যাবে দীর্ঘদিনের এ ভোগান্তি। কিন্তু কবে হবে বহুল কাঙ্ক্ষিত সেতুটি তা জানেন না এলাকাবাসী।

গত বুধবার কুল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রামের একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামটি ধলেশ্বরী নদীর দুপাশে অবস্থিত। ফোর্ডনগর উত্তরপাড়ার সঙ্গে একটি সেতু থাকায় সেটি দিয়ে খুব সহজেই ওই এলাকার বাসিন্দারা সাভার মূল শহরের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। অপরদিকে ফোর্ডনগর দক্ষিনপাড়া, কান্দাপাড়া, চর বরদাইল এবং সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খান পাড়া, ভূতা পাড়া, মোল্লা পাড়া, ভাটির চর, খালাসি পাড়া, গেলে পাড়া, উলাইল চর, খাসের চর, লাঙ্গুলি, কামুরা এ ১৩ টি গ্রামের লক্ষাধিক বাসিন্দাদের শহরের সাথে যোগাযোগ করতে ব্যবহার করতে হয় খেয়া নৌকা।

ভোগান্তিতে কৃষক

খোঁজ নিয়ে জানা যায়, কুল্লা ও ধল্লা ইউনিয়নের এসব গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রায় ৭০ শতাংশ পরিবার কৃষিকাজের সঙ্গে জড়িত। বাকিরা সাভারে বিভিন্ন ধরনের ব্যবসা বা চাকরি করেন। ধলেশ্বরীর উভয় পাড়ের কৃষিজমিতে চাষাবাদ এবং উৎপাদিত ফসল বাজারে নেওয়ার জন্য একমাত্র মাধ্যম নৌকা। বিকল্প কোনো উপায় না থাকায় ভোগান্তির শেষ নেই তাঁদের। রাজধানীঘেঁষা হয়েও যোগাযোগের অভাব ওই সব এলাকার বাসিন্দাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীতে পরিণত করেছে।

ফোর্ডনগর উত্তরপাড়ার বাসিন্দা কৃষক লাল চাঁন প্রথম আলোকে বলেন, ‘এলাকার প্রায় সবারই জমি নদীর ওই পারে। প্রতিদিন দুই–তিনবার যাইতে হয় জমির ফসল দেখতে। নৌকা ছাড়া তো কোনো উপায়ই নাই। একবার খেয়া ঘাটে ফসল আইনা আবার নদী পার কইরা বাজারে নিতে খরচ তো বাড়েই, পরিশ্রমও বাড়ে।’

খেয়ায় আতঙ্ক শিক্ষক-শিক্ষার্থীদের

১৩টি গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সাতটি, কিন্ডারগার্টেন পাঁচটি, মাদ্রাসা তিনটি। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষার্থী ওইসব গ্রামের হলেও ফোর্ডনগর উত্তরপাড়া থেকে প্রতিদিন শতাধিক শিক্ষার্থী এবং শিক্ষকদের অধিকাংশ সাভারে বসবাস করায় তাঁদের নদী পার হতে হয়। এ ছাড়া গ্রামগুলোতে উচ্চমাধ্যমিক ও কলেজপড়ুয়া চার শতাধিক শিক্ষার্থী সাভারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করায় প্রতিদিন তাঁদের খেয়া পার হতে হয়।

সাভার অধর চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আলতাফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘অনেক সময় খেয়া নৌকা অন্য পাড়ে থাকে বা মাঝি নাশতা করতে যান, তখন স্কুলে যেতে দেরি হয়। শুধু আমার সঙ্গেই ৫০ জনের বেশি ছেলেমেয়ে প্রতিদিন নদী পার হয়ে স্কুল ও কলেজে যায়। আমিসহ অনেকেই সাঁতার না জানায় একরকম ভয়ে ভয়ে নদী পার হই।’

ফোর্ডনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, তাঁর স্কুলে প্রতিদিন খেয়া পার হয়ে ২০ থেকে ২৫ শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক স্কুলে আসেন। শিক্ষার্থীর অনেকে সাঁতার না জানায় আতঙ্কে থাকতে হয়। একটা সেতু হলেই এ সমস্যার সমাধান হয়ে যেত।

চিকিৎসা পেতে বিড়ম্বনা

কোনো হাসপাতাল না থাকায় গ্রামগুলোর বাসিন্দাদের চিকিৎসাসেবা নিতে সাভারের বিভিন্ন হাসপাতালই একমাত্র ভরসা। নৌকা ছাড়া পারাপারের সুযোগ না থাকায় প্রায়ই চরম ভোগান্তিতে পড়তে হয় তাঁদের। রাত হলে এ ভোগান্তি মাত্রা ছাড়ায়।

ফোর্ডনগরের বাসিন্দা সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাত ১২টার পর ঘাটে নৌকা না থাকায় এ সময় কেউ অসুস্থ হলে বিপদে পড়তে হয়। বেশ কয়েক মাস আগে একটি মারামারির

ঘটনায় মারাত্মক আহত তিনজনকে হাসপাতালে নিতে গেলে ঘাটে কোনো নৌকা না থাকায় দ্রুত তাঁদের হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। পরে অন্য জায়গা থেকে নৌকা এনে আহত ব্যক্তিদের নদী পার করা হয়।

একটি সেতুর অভাবে গ্রামবাসীর নানা সমস্যা তুলে ধরে কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ‘এবারই প্রথম আমি নির্বাচিত হয়েছি। আমি অবশ্যই সংশ্লিষ্ট মহলে এ সেতুর প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরব।’ ফোর্ডনগরে ধলেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী। তিনি বলেন, সেতুর বিষয়টি ইতিমধ্যে এলজিইডির তালিকাভুক্ত হয়েছে।