রূপগঞ্জে জেলা যুবদল আহ্বায়কের বাড়ির সামনে ককটেল হামলার অভিযোগ

ককটেল বিস্ফোরণ
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক ওরফে খোকনের বাড়ির সামনে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, শুক্রবার বিকেলে স্থানীয় যুবলীগ নেতা মো. পাভেলের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা লীগের নেতা–কর্মীরা তাঁর বাড়ির সামনে মিছিল করে এসে একে একে অন্তত পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন। পরে তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সেখান থেকে চলে যান।

এ বিষয়ে যুবলীগ নেতা পাভেলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ প্রথম আলোকে বলেন, তাঁরা এমন কোনো অভিযোগ পাননি।

এর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন ও বিক্ষোভ মিছিল কেন্দ্র করে মহড়া দিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শুক্রবার সারা দিন উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান করতে ও মহড়া দিতে দেখা গেছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক মাহফুজুর রহমানের অভিযোগ, শুক্রবার সকাল ১০টায় পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের জয় বাংলা চত্বরে উপজেলা বিএনপির সম্মেলন ও বিক্ষোভ হওয়ার কথা ছিল। সকালে বিএনপির নেতা-কর্মীরা সম্মেলনের জায়গায় মঞ্চ তৈরি করে চেয়ার বিছানোর পর আওয়ামী লীগের লোকজন এসে মঞ্চ ও চেয়ার ভাঙচুর করেন। সংঘর্ষের আশঙ্কায় তাঁরা আর সেখানে যাননি।

তবে এ অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ জাহান ভূঁইয়া।