চিকিৎসক দেখাতে এনে ছেলেকে হারিয়ে দিশেহারা মা

নিখোঁজ মো. সেলিম
ছবি: সংগৃহীত

বড় ছেলে মো. সেলিমকে (৩৭) চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা থেকে রাজশাহীতে এনেছিলেন মা বেলি খাতুন। সঙ্গে এসেছিলেন ছোট ছেলে মো. শামীম। চিকিৎসক দেখানোর আগেই মায়ের কাছ থেকে হারিয়ে যান মো. সেলিম। এরপর সারা শহর খুঁজেছেন মা ও ছোট ছেলে। কোথাও না পেয়ে আজ মঙ্গলবার দুপুরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ সেলিমের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামে। তাঁর বাবার নাম আবদুর রহিম। সেলিম পেশায় একজন মাছ ব্যবসায়ী। জিডিতে বলা হয়, সেলিমের গায়ে ছাই রঙের হুডি ও বাদামি রঙের প্যান্ট ছিল। গায়ের রং ফর্সা। লম্বায় পাঁচ ফুট পাঁচ ইঞ্চি।

রাজপাড়া থানার ওসি এ এস এম সিদ্দিকুর রহমান বলেন, ওই ব্যক্তি হয়তো মানসিক সমস্যায় ভুগছেন। তাঁর কাছে মুঠোফোন থাকলে এতক্ষণে খুঁজে পাওয়া যেত। তাঁরা জিডি নিয়ে প্রতিটি থানায় জানিয়ে দিয়েছেন।

সেলিমের ছোট ভাই মো. শামীম জানান, গতকাল সোমবার দুপুরের ট্রেনে মা ও ভাইকে নিয়ে চুয়াডাঙ্গা থেকে রাজশাহীতে আসেন তিনি। এরপর নগরের লক্ষ্মীপুর এলাকায় একটি ক্লিনিকে যান। ক্লিনিকের দোতলায় মা ও ভাইকে রেখে চিকিৎসকের সিরিয়াল নিতে যান তিনি। এ সময় মাকে প্রস্রাব করার কথা বলে ক্লিনিকের নিচে নামেন সেলিম। এর মধ্যে তিনি (শামীম) চিকিৎসকের সিরিয়াল পেয়ে যান। তিনি এসে মাকে জিজ্ঞাসা করতেই মা বলেন, সেলিম নিচে নেমেছে। সঙ্গে সঙ্গে সেলিমকে ফোন দেন তিনি। সেলিম ফোন ধরে ওপরে আসছেন বলে ফোন কেটে দেন। এরপর তাঁকে আর ফোনে পাওয়া যায় না। পরে তাঁর ফোন ধরেন একজন চা–বিক্রেতা। ওই চা–বিক্রেতা জানান, চায়ের বিল পাঁচ টাকার জন্য তিনি মুঠোফোন রেখে দিয়েছেন। তাঁকে বলা হয়েছে, টাকা দিয়ে ফোন নিতে। এরপর থেকে তিনি ও তাঁর মা সেলিমকে খুঁজছেন।

শামীম বলেন, ভাইকে হারিয়ে মা দিশেহারা হয়ে পড়েছেন। একদিকে তিনি খুঁজেছেন, একদিকে মা খুঁজেছেন। রেলস্টেশন, বাসস্ট্যান্ড, শাহ মখদুমের মাজার, পদ্মাপাড় কোথাও বাদ রাখেননি। সন্ধ্যায় তাঁরা পুলিশের দ্বারস্থ হন। পুলিশ ট্র্যাকিং করে একটি চায়ের দোকানে মুঠোফোন পায়। চায়ের দোকানদারকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ বিকেলে নগরের রাজপাড়া থানায় জিডি করেন।

ছেলেকে হারিয়ে মা বেলি খাতুনও অসুস্থ হয়ে পড়েন। রাতে মা ও ছেলে একটি হোটেলে রাতযাপন করেন। পরে আজ সকালে তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এর মধ্যে আজ ভোরে সেলিমের ভাতিজা সোহান ও দুপুরে চাচাতো ভাই মাসুদুর রাজশাহীতে আসেন। তাঁরাও সেলিমকে খুঁজছেন।

চাচাতো ভাই মাসুদুর রহমান বলেন, সেলিম নানা অসুস্থতায় ভুগছিলেন। তাঁর লিভারে সমস্যা হয়েছিল। এ নিয়ে মানসিকভাবে তিনি খুব অস্থিরতার মধ্যে ছিলেন। তাঁর হয়তো মনে হয়েছে, তাঁর বোধ হয় কিছু হয়ে যাবে। তবে চায়ের দোকানদার ভালো আচরণ করেননি। পাঁচ টাকার জন্য তাঁর ভাইকে হারিয়েছেন।

মুঠোফোনে মা বেলি খাতুন বলেন, ‘হঠাৎ চোখের সামনে থেকে সেলিম হারিয়ে গেল। সেলিমের দুই মেয়ে। আমার নাতনিরা খুব চিন্তায় আছে। আপনারা একটু খুঁজে দেন।’