গাজীপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

গাজীপুর সিটি করপোরেশনের রাজেন্দ্রপুর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল পৌনে আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তাঁর আনুমানিক বয়স ৩০ বছর। পুলিশ ধারণা করছে, নিহত ওই যুবক দুর্ঘটনাকবলিত কোনো ট্রাকের চালকের সহকারী।

পুলিশ জানায়, আজ সকাল পৌনে আটটার দিকে রাজেন্দ্রপুর এলাকায় একটি ট্রাক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উল্টো পথে ঢুকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে উল্টো পথে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে দুর্ঘটনার পর দুই ট্রাকের চালকই পালিয়ে গেছেন। ট্রাক দুটি পুলিশি হেফাজতে আছে।