দাবি আদায় না হলে আজ মধ্যরাত থেকে নৌযানশ্রমিকদের কর্মবিরতি

নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। শনিবার দুপুরে বরিশাল নগরের ফজলুল হক অ্যাভিনিউয়ে
ছবি: সাইয়ান

নৌযানশ্রমিকেরা ১০ দফা দাবিতে আজ শনিবার দুপুরে বরিশালে বিক্ষোভ ও সমাবেশ করেছেন। দাবি আদায় না হলে আজ দিবাগত রাত ১২টার পর থেকে সারা দেশে সব ধরনের নৌযানের লাগাতার কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ।

আজ বেলা ১১টায় বিভাগীয় নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের আয়োজনে বরিশাল নদীবন্দর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নৌবন্দর থেকে শুরু হয়ে চকবাজার, লাইন রোড, সদর রোড ও ফজলুল হক অ্যাভিনিউ হয়ে নৌবন্দরে ফিরে যায় এবং সেখানে সমাবেশ করে।

নৌযান লেবার অ্যাসোসিয়েশনের বিভাগীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক এ কে আজাদ, নৌযান শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সভাপতি আবুল হাসেম, শ্রমিক জোটের সমন্বয়কারী মোজাম্মেল সিকদার, হারুনুর রশিদ সিকদার প্রমুখ।

নজরুল ইসলাম বলেন, সরকার ও নৌযানমালিকেরা ২০১৬ সালে সর্বশেষ এ খাতের শ্রমিকদের বেতন-ভাতা পুনর্নির্ধারণ করেছিলেন। এরপর কয়েক দফা বেড়েছে দ্রব্যের মূল্য ও ভাড়া। কিন্তু শ্রমিকদের উন্নতি হয়নি। এ অবস্থায় দীর্ঘদিন ধরে বেতন-ভাতা পুনর্নির্ধারণের দাবি জানিয়ে আসছেন যাত্রী ও পণ্যবাহী নৌযানের শ্রমিকেরা। সরকার ও মালিকপক্ষ এতে কর্ণপাত না করায় এখন বড় আন্দোলনের দিকে যাচ্ছেন তাঁরা।

দাবিগুলোর মধ্যে আছে—নৌযানশ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক দেওয়াসহ শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ করা, খাদ্যভাতা ও সমুদ্রভাতার মতো সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রভিডেন্ট ফান্ড ও নাবিক কল্যাণ তহবিল গঠন করা, দুর্ঘটনা ও কর্মস্থলে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ করা, চট্টগ্রাম থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহে দেশের স্বার্থবিরোধী অপরিণামদর্শী প্রকল্প বাস্তবায়নে চলমান কার্যক্রম বন্ধ করা, বালুবাহী বাল্কহেড ও ড্রেজারের রাত্রিকালীন চলাচলের ওপর ঢালাও নিষেধাজ্ঞা শিথিল, নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস দেওয়াসহ ভারতীয় সীমানায় সব ধরনের হয়রানি বন্ধ, চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহন নীতিমালা শতভাগ কার্যকর করে সব লাইটার জাহাজকে সিরিয়াল মোতাবেক চলাচলে বাধ্য করা, চরপাড়া ঘাটে ইজারা বাতিল ও নৌপরিবহন অধিদপ্তরের সব ধরনের অনিয়ম-অব্যবস্থাপনা বন্ধ করা।

নৌযান শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সভাপতি আবুল হাসেম প্রথম আলোকে বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতির কারণে নৌযানশ্রমিকেরা আজ মানবেতর দিন কাটাচ্ছেন। তাঁরা দীর্ঘদিন ধরেই দাবি জানাচ্ছেন নৌযানশ্রমিকদের বেতন-ভাতা সমন্বয় করার। কিন্তু মালিকপক্ষ এতে কর্ণপাত করছে না। অথচ দুই দফায় ডিজেলের দাম বাড়ানোর পর নৌযানের ভাড়া সরকার পুনর্নির্ধারণ করেছে। মালিকদের চাহিদা অনুযায়ী ভাড়া বাড়ালেও সরকার নৌযানশ্রমিকদের স্বার্থের কথা ভাবেনি। এখন তাঁদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই তাঁরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। আজ দিবাগত রাত ১২টার মধ্যে ১০ দফা দাবি আদায় না হলে রাত ১২টা ১ মিনিট থেকে একযোগে লাগাতার কর্মবিরতিতে যাবেন সারা দেশের নৌযানশ্রমিকেরা।

নৌযানশ্রমিকদের দাবি এবং কর্মবিরতি ঘোষণার বিষয়ে জানার জন্য লঞ্চমালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি সভায় ব্যস্ত থাকায় কথা বলতে চাননি।