
কাল বুধবার গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়েছে। নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের সব প্রস্তুতি সম্পন্ন। এখন অপেক্ষা শুধু ভোটারদের কেন্দ্রে উপস্থিতির।
শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারদের সকাল সকাল কেন্দ্রে যেতে বলছেন, দোয়া চাইছেন। তবে ভোটাররা বলছেন, সকালে তাঁরা পরিস্থিতি দেখবেন। পরিবেশ ভালো থাকলে কেন্দ্রে যাবেন। তাঁরা সুষ্ঠু পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে চান। কাল সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকেল চারটা পর্যন্ত।
গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচনের দিন ভোটারদের নিরাপত্তা দিতে কয়েক প্লাটুন র্যাব, আনসার সদস্য ছাড়াও ১ হাজার ২৮৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। দুই উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে।
জেলা প্রশাসক মো. অলিউর রহমান বলেন, ২ উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গাইবান্ধা-৫ আসন। নির্বাচনের দিন প্রতি ইউনিয়নে ১ জন করে মোট ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পাশাপাশি কয়েক প্লাটুন বিজিবি ও অস্ত্রধারী আনসার সদস্য থাকবেন।
অবাধ ও সুষ্ঠুভাবে উপনির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মোত্তালিব। তিনি বলেন, উপনির্বাচনে ইভিএমের মাধ্যমে ১৪৫টি কেন্দ্রে ৯৫২টি বুথে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে বিদ্যুৎ সরবরাহ না থাকায় ৯টি কেন্দ্রে জেনারেটরের মাধ্যমে ইভিএম মেশিন চালানো হবে। মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৯৮ জন।
আব্দুল মোত্তালিব আরও বলেন, উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহমুদ হাসান, জাতীয় পার্টির (জাপা) মনোনীত এ এইচ এম গোলাম শহীদ, বিকল্পধারা মনোনীত জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান ও সৈয়দ মাহবুবুর রহমান।
নির্বাচন প্রস্তুতির বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান বলেন, তাঁদের প্রস্তুতি শেষ। উপনির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। নৌকা উন্নয়নের প্রতীক। এ প্রতীকে ভোট দিলে দেশের উন্নয়ন হয়। ভোটাররা নৌকায় ভোট দিতে ভুল করবেন না। তিনি নির্বাচিত হলে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। জাপা মনোনীত গোলাম শহীদ বলেন, নির্বাচনে ভোটাররা তাঁকে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদী।
গাইবান্ধা-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।