আইসিইউতে থাকা ছোট্ট তাহরিন জানে না মা–বাবা বেঁচে নেই

দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন ছয় বছরের শিশু তাহরিন জাহান। সে এখনো জানে না, তার বাবা–মা আর বেঁচে নেই
ছবি: সংগৃহীত

মা–বাবার সঙ্গে বেড়াতে যাওয়ার সময় নানার কাছে মেলায় যাওয়ার আবদার করেছিল ছয় বছরের ছোট্ট তাহরিন জাহান। নানা আলাউদ্দিন নাতনিকে কথা দিয়েছিলেন, বেড়ানো শেষে বাড়িতে ফিরলে তাহরিনকে মেলায় নিয়ে যাবেন। কিন্তু তাহরিন আর বাড়িতে ফেরেনি।

মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-মাকে হারিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে লড়াই করছে ছোট্ট শিশুটি। এখনো সে তার মা–বাবার মৃত্যুর খবর জানে না।

গতকাল শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন-রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় দুর্ঘটনায় তাহরিনের বাবা ঠিকাদার নাজমুল হোসেন ও মা স্কুলশিক্ষক তাহমিনা আক্তার মারা যান। নাজমুল নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী গ্রামের বাসিন্দা। তাহমিনা নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার নয়ামাটি এলাকার আলাউদ্দিনের মেয়ে। স্বামী-সন্তানসহ সোনারগাঁয়ে বাবার বাড়িতেই থাকতেন তাহমিনা।

আজ শনিবার সকালে বৃদ্ধ আলাউদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনেরা আহাজারি করছেন। পাড়া-প্রতিবেশীরা তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। বাড়িতে যেতেই এগিয়ে আসেন বৃদ্ধ আলাউদ্দিন। পরিচয় দেওয়ার পর আলাউদ্দিন বলেন, ‘আমরা তো বিচার চাই না। কার কাছে কী বিচার চামু।’ জানান, একমাত্র মেয়ে ও সন্তানতুল্য জামাতাকে নিজ হাতে দাফন করেছেন। এখন তাঁদের মৃত্যু নিয়ে শোক করার বা বিচার চাওয়ার সময় নেই। যেকোনো মূল্যে আদরের নাতনিকে সুস্থ করে তুলতে চান তিনি।

নাতনিকে মেলায় নিয়ে যাওয়ার জন্য আলাদা টাকাও রেখেছিলেন বৃদ্ধ আলাউদ্দিন। সেই টাকা হাতে নিয়ে বারবার আক্ষেপ করছেন আর বলছেন, ‘কেন এমন হইল। আমার নানুভাই এখন মা বলবে কারে, বাবা বলবে কারে।’ বাড়িতে আসা প্রতিবেশীদের কাছে দোয়া চেয়ে বলছেন, ‘তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করো, আমার নাতনিটা যেন সুস্থ হইয়া ফিরা আসে।’

আলাউদ্দিনের কাছে এগিয়ে আসেন নিহত নাজমুলের বাবা নাজিম উদ্দিন। বেয়াইকে সান্ত্বনা দেন। তিনি বলেন, ছেলের মৃত্যুর খবর শুনে ভোরে পরিবারসহ নোয়াখালী থেকে এসেছেন। ছেলে ও ছেলের বউকে পাশাপাশি দাফন করেছেন। একপর্যায়ে ফুপিয়ে কেঁদে ওঠেন তিনি।

নাজিম উদ্দিন বলেন, গতকাল দুপুরে স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেলে রূপগঞ্জের পূর্বাচলে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন নাজমুল। বেড়ানো শেষে সন্ধ্যায় ফিরছিলেন। রূপগঞ্জের কাঞ্চন-রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় একটি মাইক্রোবাস পেছনের দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় নাজমুল ও তাহমিনা সড়কে ছিটকে পড়লে ট্রাকচাপায় তাঁরা ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকচাপার আগে কোলে থাকা মেয়ে তাহরিনকে সড়কের পাশে ছুড়ে দেন। তাহরিন মাথা ও বুকে আঘাত পেলেও প্রাণে বেঁচে যায়। তাঁকে উদ্ধার করে স্থানীয় লোকজন ঢাকা মেডিকেলে পাঠায়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন।

বেলা গড়িয়ে দুপুর হয়। এরই মধ্যে বৃদ্ধ আলাউদ্দিনের কাছে ছুটে আসেন এক তরুণী। ‘কাকা ভাইয়ে তো যাইনা গেছে’ বলে চিৎকার করেন। তরুণীর হাত থেকে মুঠোফোন কেড়ে বাড়ির পাশে নিরিবিলি সড়কে যান আলাউদ্দিন। সৌদি আরব থেকে তাঁর একমাত্র ছেলে ইব্রাহিম ফোন করেছেন। বোন ও ভগ্নিপতির মৃত্যুর শোক সহ্য করতে পারবেন না ভেবে তাঁকে মৃত্যুর দেননি আলাউদ্দিন। ইব্রাহিম গণমাধ্যমের মাধ্যমে খবর পেয়েছেন। মুঠোফোনে বাবার কাছে বোনের মৃত্যুর খবর না দেওয়ার কৈফিয়ত চান।

ছেলের প্রশ্নে ডুকরে কেঁদে ওঠেন বৃদ্ধ। বলেন, ‘বাপরে আমি তো পাগল হইয়া গেছি, আমি কেমনে বলি তোরে তোর বুকের ধন বইন আর বাঁইচা নাই। আল্লাহর কাছে আমার নাতনির লাইগা দোয়া কর। ওরে বুকে ধইরা আমি মাইয়া হারানোর যন্ত্রণা ভুলমু।’

মুঠোফোনে বাবা ছেলের মান-অভিমান চলে। তাঁদের আলাপ শুনে চোখের জল ফেলেন পড়শিরা। ছোট্ট তাহরিন তখনো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এখনো সে জানে না, তার মা–বাবা আর বেঁচে নেই।