দরজা খুলতেই শৌচাগারে মিলল শিশুর মরদেহ

গাজীপুর জেলার মানচিত্র
গাজীপুর জেলার মানচিত্র

গাজীপুরের শ্রীপুরের বেড়াইদেরচালা গ্রামে একটি বাড়ির শৌচাগার থেকে শফিকুল ইসলাম নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে।

উদ্ধারের দুই ঘণ্টা পর শিশুটির পরিচয় পাওয়া গেছে। তার নাম শফিকুল ইসলাম (৬)। নেত্রকোনা জেলা সদরের নয়াপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে। সে পাশের চন্নাপাড়া গ্রামে মা–বাবার সঙ্গে একটি বাড়িতে ভাড়া বাড়িতে থাকত। এ ঘটনায় শফিকুলের দুলাভাই মাজাহারুলকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, যে বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেটি স্থানীয় মনিরুজ্জামান শীতলের। তিনি মেস হিসেবে বাড়িটি বিভিন্ন কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দিয়েছেন। মরদেহ উদ্ধারের পর ওই বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। ওই সিসি ফুটেজে দেখা যায়, রাতে এক ব্যক্তি শফিকুলকে হাত ধরে ওই বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছেন। ফুটেজ থেকে নিশ্চিত হওয়া গেছে, হাত ধরে নেওয়া ব্যক্তির নাম মাজাহারুল। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

বেড়াইদেরচালা গ্রামের সিরাজুল ইসলাম বলেন, সকালে স্থানীয় এক ইলেকট্রনিক ব্যবসায়ী ওই বাড়ির শৌচাগারে যান। দরজা খুলেই মেঝেতে অজ্ঞাতনামা শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। তিনি বাড়ির মালিককে বিষয়টি জানান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ অজ্ঞাতনামা হিসেবে শিশুটির মরদেহ উদ্ধার করে। উদ্ধারের ঘণ্টা দুয়েক পর শিশুটির পরিচয় পাওয়া যায়। শিশুটির শরীরে হাফ প্যান্ট ও শীতের পোশাক পরা ছিল।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ছয় বছর বয়সী শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে শিশুটির দুলাভাইকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শিশুর মা–বাবা ও স্বজনেরা থানায় এসেছেন। জিজ্ঞাসাবাদে আরও বিস্তারিত তথ্য জানা যাবে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।