
ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আঙুলের অস্ত্রোপচারের সময় শিশু মারুফা জাহান ওরফে মাইশার (৬) মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার মারুফার বাবা মোজাফফর হোসেন (৩৩) বাদী হয়ে ঢাকা মহানগর পুলিশের রূপনগর থানায় এ মামলা করেন। রূপনগর থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা নয়ন দাস মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।
মারুফা (৫) কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপা গ্রামের মোজাফফর হোসেন ও বেলি বেগমের মেয়ে। প্রায় সাড়ে চার বছর আগে চুলার আগুনে তার ডান হাতের আঙুল পুড়ে যায়। সে সময় চিকিৎসা করালে ক্ষতস্থান ভালো হয়ে যায়। কিন্তু পরে তার তিন আঙুল কুঁকড়ে যায়। এ অবস্থায় গত ৩০ নভেম্বর ঢাকার রূপনগর এলাকার আলম মেমোরিয়াল হাসপাতালে হাতের আঙুলের অস্ত্রোপচার করার সময় তার মৃত্যু হয়। লাশ বাসায় এনে গোসল দেওয়ার সময় পরিবারের সদস্যরা দেখেন তার পেট কাটা, সেলাই করা। এ ঘটনায় গত সোমবার মোজাফফর হোসেন রূপনগর থানায় লিখিত অভিযোগ দেন। পরে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে।
মামলায় মোজাফফর হোসেন দাবি করেন, শিশু মারুফাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাই অস্ত্রোপচারে অংশ নেওয়া চিকিৎসক শরিফুল ইসলাম, চিকিৎসক রনি ও জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক আহসান হাবীবসহ আলম মেমোরিয়াল হাসপাতালের মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা নয়ন দাস মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মারুফার বাবার অভিযোগের ভিত্তিতে মারুফার লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করা হয়েছে। আদালতের অনুমতি পেলেই লাশ উত্তোলন ও ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে সরেজমিনে যাওয়া হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে গতকাল আহসান হাবীব বলেছিলেন, এলাকার রোগী হিসেবে কম খরচে তিনি ওই শিশুর অস্ত্রোপচারের ব্যবস্থা করে দিয়েছিলেন। এ ধরনের অস্ত্রোপচারের ক্ষতস্থানে নতুন চামড়া যুক্ত করতে হয়। শরীরের অন্য স্থানের চামড়া কেটে সেখানে লাগাতে হয়। মারুফা ছোট হওয়ায় তাঁর শরীরের অন্য অংশের চামড়া কেটে নেওয়া যাচ্ছিল না। তাই পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেই পেট থেকে চামড়া কেটে নিয়ে সেলাই করে দেওয়া হয়েছে।
মারুফা ‘হত্যা’র বিচার চেয়ে মানববন্ধন
মারুফার মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে এর বিচারের দাবিতে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কুড়িগ্রাম জেলা কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মারুফার মা বেলি বেগম ও বাবা মোজাফফর হোসেন বক্তব্য দিয়েছেন।
মানববন্ধনে বেলি বেগম বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আমার সন্তান হত্যার বিচার চাই। আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। এ জন্য ঘাতক আহসান হাবীবের ফাঁসির দাবি করছি। আমার সন্তানকে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে।’
মোজাফফর হোসেন বলেন, ‘আমি আমার মেয়ের হত্যার বিচার চাই। আমার মেয়েকে ডাক্তার আহসান হাবীবসহ তাঁর সহযোগীরা হত্যা করেছেন। আমি তদন্ত সাপেক্ষে সঠিক বিচারের আশায় ঢাকার রূপনগর থানায় মামলা করেছি। আমি অভিযুক্ত ব্যক্তিদের সঠিক বিচার চাই।’