বিস্তৃত হাইল হাওরের বুকের একপাশে টলটলে পানির একটি বড় জলাধার বাইক্কা বিল। বাইক্কা বিলের বেশ কিছু স্থানে আলাদ কয়েকটি পরিযায়ী পাখির ঝাঁক। কোনো ঝাঁক জলের মধ্যে স্থির হয়ে ভাসছে। আবার কোনো ঝাঁক বিশ্রাম নিচ্ছে বিলের কিনার ঘেঁষে। কিছু পাখি হঠাৎ করেই আকাশে ডানা মেলছে। এক-দুই চক্কর দিয়েই আবার জলে নামছে।
মৌলভীবাজারের হাইল হাওরের বাইক্কা বিল এখন সারা দিন পরিযায়ী পাখির কলরবে মুখর থাকে। বিলের বুকে যেন পাখির রঙে ছবি আঁকা চলছে। যদিও অন্য বছরের তুলনায় এবার এখন পর্যন্ত পাখির সংখ্যা কিছুটা কম। এর অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে, বাইক্কা বিলে এবার শাপলা-শালুক, পদ্ম, কচুরিপানা কম থাকায় পাখিরা নামতে ভরসা পাচ্ছে না।
সার্বক্ষণিক বাইক্কা বিলে অবস্থান করা প্রহরী তানভীর হাসান বলেন, সকালে বিলের মধ্যে পাখিরা ওড়াউড়ি করে। কিচিরমিচির করে। সন্ধ্যা হলেও কিছু পাখি উড়ে। দুপুরে অনেকটা নীরব থাকে। তবে এখনো পাখির সংখ্যা কম। অন্যবারের তুলনায় চার ভাগের একভাগ পাখি এসেছে।
রোববার বিকেলে বাইক্কা বিলে গিয়ে দেখা যায়, বিলের উত্তর-পূর্ব পাশে পানির কিনারঘেঁষা পাড়ে হাঁস, পানকৌড়ি, বেগুনি কালেম, ছোট আকারের বেশ কিছু পাখির ঝাঁক পৃথক স্থানে বসে আছে। এক টুকরো কচুরিপানার ঝোপের কাছে বাঁশে বসে আছে একটি গয়ার। কাছেই শুকনো স্থানে বেশ কিছু গরু চরে ঘাস খাচ্ছে। গরুগুলো ঘিরে লাফালাফি করছে কিছু সাদা বক। হঠাৎ করে কিছু পাখির ছোট ছোট ঝাঁক আকাশে উড়ছে। আকাশে কয়েকবার ঘুরে আবার পানিতে নেমে আসছে। মানুষ থেকে অনেকটা দূরে বিলের পানিতে ভেসে আছে কিছু পাখির ঝাঁক। দর্শনার্থীদের উপস্থিতি ও হইচইয়ে পাখি দূরে চলে যায়। তবে অনেক পর্যটকই বাইক্কা বিলের হিজল বন ও পাখির আনাগোনায় মুগ্ধ।
পাখি দেখতে আসা গৃহবধূ শর্মিষ্ঠা ধর প্রথম আলোকে বলেন, ‘আমি এর আগে বাইক্কা বিলে আসিনি। এখানে এসে আমার খুব ভালো লাগল। ঈগল দেখলাম, পরিযায়ী পাখি দেখলাম। হিজল বন দেখলাম। খুব ভালো লাগছে।’
স্থানীয় বাসিন্দা ও বাইক্কা বিল ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বড়গাঙ্গিনা সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের সদস্যদের কথা বলে জানা যায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর উপজেলায় বিস্তৃত হাইল হাওরে একটা সময় ১৭৫ প্রজাতির পাখি দেখা যেত। এর মধ্যে ৯৫টি প্রজাতিই ছিল জলচর পাখি। কিন্তু হাওরে বিল সেচে মাছ ধরা, নির্বিচারে পাখি শিকার, অবাধে পদ্ম-শালুকসহ জলজ উদ্ভিদ আহরণ এবং বিল-বাঁওড় ভরাটের কারণে পাখি ও মাছের সংখ্যা কমে যায়। এ অবস্থায় হাইল হাওরের হারানো পরিবেশ ফেরাতে ২০০৩ সালে ভূমি মন্ত্রণালয় প্রায় ২৫০ একরের বাইক্কা বিলকে মাছের অভয়াশ্রম ঘোষণা করে। তখন থেকে বিলে মাছ ধরা ও জলজ উদ্ভিদ আহরণ নিষিদ্ধ করা হয়। একপর্যায়ে বিলের পরিবেশ ফিরে এলে বাইক্কা বিল পাখিরও অভয়াশ্রম হয়ে ওঠে। আসতে থাকে পরিযায়ী পাখিরা। পাখির এই আনন্দমেলা দেখতে দেশ-বিদেশের পর্যটকেরা এ বিলে ছুটে আসেন।
বড়গাঙ্গিনা সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য মিন্নত আলী প্রথম আলোকে বলেন, এবার পাখি কম এসেছে। শাপলা-শালুক, পদ্ম, কচুরিপানা থাকলে পখি সহজে বসতে পারে। তবে নতুন করে শাপলা-শালুক হচ্ছে। এতে পাখির সংখ্যাও বাড়বে বলে আশা করা হচ্ছে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সরোয়ার প্রথম আলোকে বলেন, ‘আমরা বাইক্কা বিলে পাখির নিরাপত্তার বিষয়টি দেখছি। কেউ যাতে এখানে পাখি শিকার না করে, পাখির কোনো ক্ষতি না করে। মানুষকে সচেতন করতে সে রকম প্রচার কার্যক্রম চালানো হচ্ছে। প্রায়ই আমরা এখানে অভিযান চালাচ্ছি। শিকারির পাতা জাল উদ্ধার করছি।’