
গাজীপুর নগরীর ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় সোয়েটারের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মেট্রিক্স নামে সোয়েটার কারখানাটি নগরীর ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় অবস্থিত। কারখানাটি আটতলা ভবনের। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার বেলা তিনটার দিকে কারখানাটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের দুটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট এসে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, কারখানার শতাধিক শ্রমিককে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সন্ধ্যা ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উপপরিচালক মো. সালেহ উদ্দিন বলেন, ‘নিয়ন্ত্রণ মানেই আগুন নিভে যাওয়া নয়। আগুন পুরোপুরি নিভাতে আরও সময় লাগবে। ওই কারখানা থেকে আমরা ৬৯ জনকে জীবিত উদ্ধার করেছি। কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।’