
সিলেটের পাঠানটুলা এলাকার একটি হোটেলে আটকে দলবদ্ধ ধর্ষণের শিকার দুই তরুণী নিরাপত্তাহীনতায় আছেন বলে অভিযোগ করেছেন। নানা চাপের মুখে এখন অনেকটা আত্মগোপনে থাকছেন বলে জানিয়েছেন তাঁরা। আজ সোমবার বেলা দুইটার দিকে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তাঁরা।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীদের একজন (১৮)। ওই তরুণী বলেন, ‘এখন পর্যন্ত মামলার মাত্র দুই আসামি তানিয়া ও রাহি গ্রেপ্তার হয়েছে। তবে মূলহোতা জুবেলসহ অন্য আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। আসামিরা মামলা আপস করার জন্য আমাদের দুজনকে বিভিন্ন মাধ্যমে অবিরত চাপ দিচ্ছে।’
ওই তরুণী আরও বলেন, ‘এত বড় ঘটনার পরও আসামিরা থেমে নেই। আমাদের মোবাইল ফোন তাঁদের কাছে থাকায় ফোনে থাকা ব্যক্তিগত কিছু ভিডিও ও ছবি এডিট করে বিভিন্ন আপত্তিকর কথা জুড়ে দিয়ে সেগুলোর মাধ্যমে ব্ল্যাকমেল করার চেষ্টা করা হচ্ছে। এসব ভিডিও ইন্টারনেটে ভাইরাল হলে আমাদের মৃত্যু ছাড়া সামনে আর কোনো পথ খোলা থাকবে না। কারণ, সাধারণ মানুষ কোনটা এডিট, আর কোনটা রিয়েল ভিডিও সেটি বুঝতে পারবে না।’
গত ২৩ আগস্ট রাতে সিলেটের পাঠানটুলা এলাকায় বান্ধবীর স্বজনকে রক্ত দিতে গিয়েছিলেন ওই দুই তরুণী। ওই রাতেই রক্ত দেওয়ার জন্য নিয়ে যাওয়া বান্ধবীর সহযোগিতায় হোটেলে আটকে রেখে দুজনকে ধর্ষণ করা হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন।
দুই তরুণী তাঁদের মুঠোফোন উদ্ধারে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান। তাঁরা বলেন, ‘সব আসামিকে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করা হোক। তারা আমাদের সম্ভ্রম কেড়ে নিয়েছে। বেঁচে থাকার অধিকারও যাতে কেড়ে নিতে না পারে, সে ব্যবস্থা করুন।’
এদিকে মামলায় যুবলীগ নেতা রানা আহমদ শিপলু ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক নাবিল রাজা চৌধুরীকে আসামি করা হলেও তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান ওই দুই তরুণী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাঁরা জানান, অভিযুক্ত আসামিদের মুখে ওই দুজনের নাম শুনে আসামি করা হয়েছিল। কিন্তু পরে দুজনের ছবি দেখার পর ঘটনায় জড়িত নন বলে নিশ্চিত হন।
এর আগে গত ২৩ আগস্ট রাতে সিলেটের পাঠানটুলা এলাকায় বান্ধবীর স্বজনকে রক্ত দিতে গিয়েছিলেন ওই দুই তরুণী। তাঁদের একজনের বয়স ১৮ ও অন্যজনের বয়স ২৫ বছর। ওই রাতেই রক্ত দেওয়ার জন্য নিয়ে যাওয়া বান্ধবীর সহযোগিতায় হোটেলে আটকে রেখে দুজনকে ধর্ষণ করা হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন। এ ঘটনায় ২৮ আগস্ট থানায় দুই তরুণী বাদী হয়ে সিলেটের জালালাবাদ থানায় পৃথক দুটি মামলা করেন। মামলায় তাঁদের বান্ধবী তানজিনা আক্তারসহ (২৫) ছয়জনকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি রাখা হয়।
এদিকে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ প্রথম আলোকে বলেন, নিরাপত্তাহীনতার বিষয়টি পুলিশকে জানালে তাঁদের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে। এজাহারে উল্লেখ করা দুজনের সংশ্লিষ্টতা না থাকার কথা সংবাদ সম্মেলনে জানানোর বিষয়ে তিনি বলেন, ‘এজাহার দায়ের করে পরে সংশ্লিষ্টতা না থাকার কথা জানানো হয়েছে। আমরা আসামি গ্রেপ্তার করেছি। পলাতক আসামিদেরও গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে। পুলিশ তদন্ত করে সংশ্লিষ্টতা না পাওয়া গেলে সেটি অভিযোগপত্রে উল্লেখ করবে।’