চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের চার নির্বাচনী বোর্ড সভা স্থগিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে প্রভাষক পদে শিক্ষক নিয়োগের জন্য নির্ধারিত চারটি নির্বাচনী বোর্ড সভা স্থগিত করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মার্কেটিং, ইতিহাস ও পদার্থবিদ্যা বিভাগের নির্বাচনী বোর্ড সভা স্থগিত প্রসঙ্গে রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, অতিরিক্ত কাজের চাপ ও নির্ধারিত দিনগুলোতে নিয়মিত বৈঠক থাকায় ওই তারিখগুলোর বোর্ড সভা স্থগিত করা হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে সভার সময় এগিয়ে আনা অথবা নতুন তারিখ নির্ধারণ করা হতে পারে। এ বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) মো. হাছান মিয়ার সই করা বিজ্ঞপ্তিতে চারটি বোর্ড সভা স্থগিতের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মার্কেটিং বিভাগে প্রভাষক পদে নিয়োগের জন্য ২২ ফেব্রুয়ারি নির্ধারিত সভা স্থগিত করা হয়েছে। একই বিভাগের গণিত বা পরিসংখ্যান বিষয়ে প্রভাষক পদে নিয়োগের জন্য ২৩ ফেব্রুয়ারি নির্ধারিত সভাও স্থগিত হয়েছে।

এ ছাড়া ইতিহাস বিভাগে প্রভাষক পদে নিয়োগের জন্য ২৪ ফেব্রুয়ারি এবং পদার্থবিদ্যা বিভাগে প্রভাষক পদে নিয়োগের জন্য ২৫ ফেব্রুয়ারি নির্ধারিত সভাও স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে সভাগুলো স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ ও সময় নির্ধারিত হলে তা সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হবে।