চট্টগ্রাম বন্দর এলাকার একটি জঙ্গলে ব্যবসায়ীকে উদ্ধারে র‍্যাবের অভিযান
চট্টগ্রাম বন্দর এলাকার একটি জঙ্গলে ব্যবসায়ীকে উদ্ধারে র‍্যাবের অভিযান

চট্টগ্রামে র‍্যাবের দুই ঘণ্টার অভিযানে উদ্ধার অপহৃত প্রকৌশলী

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকা থেকে নিখোঁজ এক প্রকৌশলীকে বন্দর এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব ৭–এর একটি দল। আজ রোববার বেলা ১১টার দিকে চান্দগাঁও মোহরা এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মো. মনিরুল হক নামের কাতারপ্রবাসী ওই প্রকৌশলী। এর কিছু সময় পর অজ্ঞাতপরিচয় একজন ফোন করে তাঁকে অপহরণের কথা জানান। ওই ব্যক্তি মনিরুলকে ছেড়ে দিতে তিন লাখ টাকা মুক্তিপণও দাবি করেন। এরপর পরিবারের সদস্যরা থানায় ডায়েরি (জিডি) করেন। মনিরুলকে উদ্ধারের জন্য র‍্যাবের কাছে তাঁরা আবেদনও করেন। আবেদন পেয়ে অভিযানে নামে র‍্যাব।

র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকৌশলী মো. মনিরুল হক আজ বেলা ১১টার দিকে চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার সাফা মোতালেব কলেজ রোডের এনআর ভবনে নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তাঁকে অপহরণের কথা জানিয়ে র‌্যাবের কাছে বিকেল চারটার দিকে উদ্ধারের আবেদন করেন। অনুরোধ পেয়ে র‍্যাব সদস্যরা সন্ধ্যা ছয়টার দিকে বন্দর থানার রেলওয়ে একাডেমির সিএইচএসডি গুদামের সামনের জঙ্গল অপহৃত মনিরুল হককে উদ্ধার করেন। এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। তাঁরা হলেন মো. রোহান, মো. সায়েম, সাদ্দাম হোসেন ও জিয়াউর রহমান। তাঁদের সবার বাড়ি নগরের হালিশহর এলাকায়।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।