মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশু মারা যায়। এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটি গুরুতর আহত হয়।
ওই শিশুর নাম ঈশিতা আক্তার (৭)। সে উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর মোল্লাকান্দি এলাকার ইলিয়াস মুনশির মেয়ে এবং রাজারচর মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় ঈশিতার চাচাতো ভাই আয়ান মুনশি (৫) আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় দুই চাচাতো ভাই–বোন ঈশিতা ও আয়ান বাড়ির ছাদে খেলছিল। এ সময় ছাদের পাশে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে উভয়ই বিদ্যুতায়িত হয়। এ সময় তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।
পরে দ্রুত দুই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। পরে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঈশিতা মারা যায়। আয়ান ওই হাসপাতালে চিকিৎসাধীন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আরেক শিশু ঢাকায় চিকিৎসাধীন। নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।