
রংপুরে নকল ঘি তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ মণ ভেজাল ঘি জব্দ করেছে পুলিশ। এ সময় কারখানার মালিককে আটক করা হয়েছে। শনিবার দুপুরে পীরগাছা উপজেলার দামোদরপুর প্রেসিডেন্টের মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় নকল ঘি ছাড়াও বিপুল পরিমাণ খালি কৌটা, মোড়কজাত করার সরঞ্জাম ও সিলিং মেশিন জব্দ করা হয়। ওই কারখানার মালিক মাইদুল ইসলাম (৩০)। তিনি ‘সিটি ঘি’ নামে নকল ঘি উৎপাদন করে আসছিলেন বলে জানিয়েছে ডিবি পুলিশ।
অভিযানের পর বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। তিনি বলেন, প্রায় ছয় মাস আগে ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে দুগ্ধজাত কোনো উপাদান ছাড়াই ডালডা, পামওয়েল ও কৃত্রিম ফ্লেভার ব্যবহার করে ‘সিটি ঘি’ নামে নকল ঘি উৎপাদন করে আসছিলেন মাইদুল ইসলাম। পরে সেগুলো বাজারজাত করা হতো।
গোয়েন্দা পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাইদুল স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তিনি ভেজাল ঘি তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন। এ কাজে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আটক মাইদুলের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।