
প্রকৃতিতে নেমেছে শীত। শুধু মানুষই নয়, হাড়কাঁপানো শীতে ওষ্ঠাগত বন্য প্রাণীরাও। এর মধ্যে বনের বাইরে থাকা পাঁচটি বন্য প্রাণীকে শীতল বাতাস থেকে সুরক্ষা দিতে বানানো হয়েছে তিনটি কাঠের বাক্স। বাক্সের দুটিতে আশ্রয় নিয়েছে দুটি উল্লুক। অপর একটি বাক্স তিনটি লজ্জাবতী বানরের জন্য।
বাক্সগুলো বসানো হয়েছে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া বন্য প্রাণী উদ্ধারকেন্দ্রে। বাক্স স্থাপনে সহযোগিতা করেছে বন্য প্রাণী গবেষণায় যুক্ত জার্মানভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংস্থা প্লামপ্লরিস ই ভি।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার কার্যালয়, বন্য প্রাণী গবেষক ও স্বেচ্ছাসেবী সংস্থা প্লামপ্লরিস ই ভি সূত্রে জানা গেছে, জানকীছড়া বন্য প্রাণী উদ্ধারকেন্দ্রে দুটি উল্লুক আছে। এর একটি পাঁচ-ছয় মাসের বাচ্চা। গত বছরের সেপ্টেম্বরের ২৭ তারিখ থেকে বাচ্চাটি জানকীছড়া বন্য প্রাণী উদ্ধারকেন্দ্রে আছে। কুমিল্লা বন বিভাগ এই উল্লুকের বাচ্চাটিকে পাচারকারী চক্রের কাছ থেকে উদ্ধার করেছিল। পরে এটিকে জানকীছড়া বন্য প্রাণী উদ্ধারকেন্দ্রে নিয়ে আসা হয়।
অপর পরিণত স্ত্রী উল্লুকটি খুলনা থেকে জানকীছড়া বন্য প্রাণী উদ্ধারকেন্দ্রে আনা হয়েছে গত ২ ডিসেম্বর। এর আগে এটি খুলনায় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তত্ত্বাবধানে প্রায় এক মাস ছিল। এটিও পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। বিজিবি এটিকে উদ্ধার করে খুলনা বন বিভাগের কাছে হস্তান্তর করে। দুটি উল্লুকই মানুষের সেবা-পরিচর্যায় উদ্ধারকেন্দ্রে বেশ ভালো আছে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণবিষয়ক সংঘ (আইইউসিএন) বাংলাদেশের লাল তালিকা অনুযায়ী উল্লুক বাংলাদেশে অতি বিরল স্তন্যপায়ী মহাবিপন্ন একটি প্রাণী।
অপরদিকে জানকীছড়া বন্য প্রাণী উদ্ধারকেন্দ্রে ছয় মাস ধরে তিনটি লজ্জাবতী বানর আছে। লজ্জাবতী বানরগুলো দেশের বিভিন্ন স্থানে মানুষের হাতে ধরা পড়েছিল। পরে এগুলোকে উদ্ধার করে সুস্থ ও স্বাভাবিক করে বনে ফেরানোর জন্য প্রস্তুত করতে জানকীছড়া বন্য প্রাণী উদ্ধারকেন্দ্রে নিয়ে আসা হয়। উদ্ধারকেন্দ্রে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, বন্য প্রাণী গবেষক ও স্বেচ্ছাসেবী সংস্থা প্লামপ্লরিস ই ভির সহযোগিতায় মানুষের সেবা-শুশ্রূষা পেয়ে লজ্জাবতী বানরগুলোর দিন এখানে ভালোই কাটছে। বানরগুলো সুস্থ আছে। কয়েক দিনের মধ্যেই লজ্জাবতী বানরগুলোকে বনে ছেড়ে দেওয়া হবে। আইইউসিএনের তালিকায় লজ্জাবতী বানর সংকটাপন্ন প্রাণী হিসেবে লাল তালিকাভুক্ত।
সেবা-শুশ্রূষায় প্রাণীগুলো ভালো থাকলেও প্রকৃতিতে এখন শীতকাল। তীব্র শীত নেমেছে। এই উল্লুক ও লজ্জাবতী বানরগুলো বনে থাকলে হয়তো তাদের মতো করেই তারা শীতকে মোকাবিলা করতে পারত। কিন্তু বনের বাইরে থাকায় মানুষের মতো তারাও এখন শীতে কাবু। এ ছাড়া কয়েক দিন ধরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।
এমন পরিস্থিতিতে প্রাণীগুলোকে শীত থেকে রক্ষা করতে তিনটি কাঠের বাক্স বানিয়ে দিয়েছে প্লামপ্লরিস ই ভি। এর মধ্যে উল্লুক দুটির জন্য ছোট–বড় দুটি পৃথক বাক্স এবং তিনটি লজ্জাবতী বানরের জন্য একটি বাক্স বানানো হয়েছে। বড় উল্লুকের জন্য তিন ফুট বাই আড়াই ফুট এবং ছোট বাচ্চার জন্য দুই ফুট বাই দুই ফুট আয়তনের বাক্স। লজ্জাবতী বানরের জন্য বড় আয়তনের বাক্স বানানো হয়েছে। গত রোববার বাক্সগুলো জানকীছড়া বন্য প্রাণী উদ্ধারকেন্দ্রে প্রাণীগুলোর কক্ষে স্থাপন করা হয়।
প্রাণীগুলোর তত্ত্বাবধানে থাকা ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের চঞ্চল গোয়ালা বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘উল্লুক দুটি বাক্স ব্যবহার শুরু করেছে। প্রচুর ঠান্ডা বাতাস। বাক্সে থাকলে বাতাস লাগছে না। আরাম পাচ্ছে। বাক্সের মধ্যে খড়কুটা, চটের বস্তা ঢুকিয়ে দেওয়া হয়েছে। তবে দিনের বেলা বাক্সের মধ্যে থাকে না। রাতে ঢুকে যায়। বনের মধ্যে থাকলে অত শীত লাগে না তাদের। তবে লজ্জাবতী বানরগুলো এখনো বাক্স ব্যবহার করেনি। তারা এখনো বাক্স দেখছে।’
প্লামপ্লরিস ই ভির প্রকল্প ব্যবস্থাপক ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পিএইচডি ফেলো, বন্য প্রাণী গবেষক হাসান আল-রাজী প্রথম আলোকে বলেন, মূলত শ্রীমঙ্গলের তীব্র শীতে জানকীছড়া ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টারে থাকা প্রাণীগুলো কষ্ট পাচ্ছিল। এর মধ্যে উল্লুকের একটি ছোট বাচ্চা এবং একটি বয়স্ক উল্লুক বেশি কষ্ট পাচ্ছিল। এ কারণে বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর পরামর্শে শীতের তীব্রতা থেকে বাঁচানোর জন্য কাঠের বাক্স বানিয়ে দেওয়া হয়েছে। উল্লুক দুটি বাক্সগুলো ব্যবহার করছে এবং শীতের তীব্রতা থেকে কিছুটা হলেও নিজেদের রক্ষা করতে পারছে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, বেশি ঠান্ডা পড়েছে। জানকীছড়ায় এখন রোদ পড়ছে না। প্রাণীদের শরীরে যাতে বাতাস না লাগে, ওই জন্য বাক্স দেওয়া হয়েছে। তারাও সুন্দরভাবে থাকছে। রাতে ঘুমাচ্ছে। লজ্জাবতী বানরগুলো একটু অবজার্ভ করছে কী হয়, না হয়। তারাও থাকবে।