
মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। নিরপরাধ মানুষকে জেলহাজত খাটানোর পরিণতি কিছুতেই ভালো হবে না। এতে একসময় জুলুমবাজদের বিরুদ্ধে গণ-অসন্তোষ সৃষ্টি হবে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের বোয়ালমারী জর্জ একাডেমি-সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ্ মো. আবু জাফর।
লিখিত বক্তব্যে শাহ মো. আবু জাফর বলেন, চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার প্রতিবাদে সভা-সমাবেশ করায় সম্প্রতি বোয়ালমারী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের ভয় দেখানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। ১ ডিসেম্বর বোয়ালমারীতে বোমা বিস্ফোরণ করে রাস্তা অবরোধ করার অভিযোগে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, সেই মামলা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। ইতিমধ্যে ওই মামলায় ১২ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলায় বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।
ভবিষ্যতের চিন্তা করে সব ধরনের জুলুম-অত্যাচার বন্ধ করতে সরকারের কাছে আহ্বানও জানান বিএনপির এ নেতা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মো. আমিনুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ।