বিএনপির রোডমার্চ

‘খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় দেরি হলে সরকারকে উচ্চ মূল্য দিয়ে বিদায় হতে হবে’

রোডমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ মঙ্গলবার রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায়
ছবি: প্রথম আলো

বিএনপির ফরিদপুর বিভাগীয় (সাংগঠনিক) রোডমার্চের উদ্বোধনী সমাবেশ থেকে খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্ত করে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আর যদি তাঁর মুক্তির দেরি হয়, তাঁর চিকিৎসার দেরি হয়, এর জন্য এই অবৈধ সরকারকে উচ্চ মূল্য দিয়ে বিদায় হতে হবে। বিদায় তো হতেই হবে, উচ্চ মূল্য দিয়ে বিদায় হতে হবে।’

আজ মঙ্গলবার রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সমাবেশ শেষে দুপুর সোয়া ১২টায় রোডমার্চ শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। এতে প্রধান অতিথির বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা জহুরুল হক শাহজাদা মিয়া, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন রেজিন খান প্রমুখ।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জাতি আজ ক্রান্তিলগ্নে। আমরা যে সময়ে পৌঁছেছি, একটি কঠিন সময় অতিক্রম করছি। হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে। হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে। লক্ষ লক্ষ মানুষকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। ৪০ লাখের অধিক বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে। বাক্‌স্বাধীনতা হরণ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, গণতন্ত্রের মৌলিক অধিকার জনগণের ভোটাধিকার চুরি করা হয়েছে।’

আমীর খসরু মাহমুদ বলেন, একটি অনির্বাচিত দখলদার সরকার, ফ্যাসিস্ট সরকার আজকে দেশের ওপর চেপে বসেছে। আপনি যদি একবার অবৈধ অবস্থানে চলে যান, তাহলে সেখানে থাকার জন্য একটার পর একটা অপরাধ করতে হবে। কারণ, বৈধভাবে অবৈধ জায়গায় গিয়ে কেউ থাকতে পারে না। একবার অবৈধভাবে ক্ষমতা দখল করলে আপনাকে ক্রমান্বয়ে অবৈধ কাজ করে যেতে হবে।’

রোডমার্চ উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বিএনপির সমাবেশে নেতা–কর্মীরা। আজ মঙ্গলবার সকালে

খালেদা জিয়াকে গণতন্ত্রের মা উল্লেখ করে আমীর খসরু মাহমুদ বলেন, ‘দেশনেত্রীকে রাজনীতি থেকে সরানোর জন্য, ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার জন্য, বিএনপিকে ধ্বংস করার জন্য দেশনেত্রীকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। তাদের ভয়, এই জনপ্রিয় নেত্রী যদি বাইরে থাকে, তাদের এই অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার কোনো সুযোগ নেই। যে কারণে আজকে শুধু নেত্রীকে জেলেই দেয়নি, তাঁকে চিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।’ নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দিনে যে ডাক আসবে, সেই ডাকে সবাইকে রাস্তায় থাকতে হবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রশ্ন রাখেন, একটি অবৈধ সরকারকে, অবৈধ প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার জন্য কেন র‌্যাবের ওপর স্যাংশন আসবে? একটি অবৈধ প্রধানমন্ত্রীকে, একটি অবৈধ রেজিমকে ক্ষমতায় রাখার জন্য বাংলাদেশে কেন ভিসা নীতি আসবে? কেন বাংলাদেশের নাগরিকদের ওপর ভিসা নীতি প্রয়োগ করা হবে?
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। সমাবেশের আশপাশে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন ছিল। ১০টার দিকে স্থানীয় নেতাদের বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। এ সময় সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। দুপুর সোয়া ১২টার দিকে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় বৃষ্টি শুরু হয়। এরপর বৃষ্টির মধ্যেই রোর্ডমার্চ শুরু করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, রোডমার্চটি বসন্তপুর খেলার মাঠে পৌঁছানোর পর পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কে যানজট তৈরি হয়। সভা পরিচালনা করেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

বসন্তপুরের পথসভা শেষ হওয়ার পর রোডমার্চ ফরিদপুরের উদ্দেশে রওনা হবে। এরপর ফরিদপুরের রাজবাড়ী রাস্তা মোড়ে আরেকটি পথসভা অনুষ্ঠিত হবে। এভাবে কয়েকটি পথসভা শেষে সর্বশেষ শরীয়তপুর সরকারি কলেজ মাঠে গিয়ে রোডমার্চ শেষ হওয়ার কথা রয়েছে।