পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে প্রকল্পের আবাসিক এলাকা ‘গ্রিনসিটি’র ২১ নম্বর ভবনের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম লাতিপভ ভিল (৫২)। তিনি রাশিয়ার নাগরিক এবং রূপপুর প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রোজেনারগোঅ্যাটম’-এ কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রকল্প–সংশ্লিষ্ট সূত্র জানায়, রাতে নিজ কক্ষে লাতিপভ ভিলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর সহকর্মীরা। পরে বিষয়টি প্রকল্প কর্তৃপক্ষকে জানানো হলে গ্রিনসিটির দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক এসে তাঁকে মৃত ঘোষণা করেন। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।