দুই বছরের আবু বকর আর মায়ের আদর পাবে না

দুই বছরের ছেলে আবু বকর অসুস্থ। স্বামীর মোটরসাইকেলে ছেলেকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন মা মোসা. সোনিয়া (৩০)। তাঁরা চিকিৎসকের কাছে গিয়েছেন ঠিকই। তবে ততক্ষণে সোনিয়া আর বেঁচে নেই। কাভার্ড ভ্যানের চাপায় মারা গেছেন। এ দুর্ঘটনায় তাঁর ছেলে ও স্বামী আহত হয়েছেন। আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোনিয়া আড়াইহাজার উপজেলার ইদবারদী এলাকার মো. রাসেল মিয়ার স্ত্রী। আবু বকর ও তাঁর বাবা মো. রাসেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সোনিয়ার ভগ্নিপতি ওবায়দুল প্রথম আলোকে বলেন, আবু বকর অসুস্থ ছিল। আজ বিকেলে চিকিৎসক দেখানোর জন্য আবু বকরকে নিয়ে তাঁর মা–বাবা আড়াইহাজার সদরে যাচ্ছিলেন। পথেই একটি কাভার্ড ভ্যানের চাপায় সোনিয়া নিহত হন। সোনিয়ার মৃত্যুর পর থেকে আবু বকরের কান্না আর থামানো যাচ্ছে না। সে কেবল মায়ের কাছে যেতে চায়। ছোট্ট ছেলেকে বোঝানো যাচ্ছে না যে তার মা আর ফিরবে না।

দুজন প্রত্যক্ষদর্শী বলেন, রাসেল ও সোনিয়াদের মাথায় হেলমেট ছিল না। দুর্ঘটনার সময় বৃষ্টির পানিতে সড়ক ভেজা ছিল। মোটরসাইকেলটির সামনে দিয়ে একটি কাভার্ড ভ্যান আড়াইহাজারের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানটিকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের নিচে চলে যায়। এ সময় সোনিয়ার মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যুর হয়। এতে রাসেল ও তাঁর ছেলে আবু বকর আহত হয়। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়েছে। তবে এর চালক ও তাঁর সহকারী পলাতক। আহত দুজন শঙ্কামুক্ত। নিহত নারীর পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের আবেদন করা হয়েছে। রাত সাড়ে নয়টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।