সুযোগ পেয়েও টাকার অভাবে রাসেলের বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে ভর্তির জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন কুষ্টিয়ার রাসেল শেখ
ছবি: প্রথম আলো

পরিবারে অর্থনৈতিক সচ্ছলতা না থাকায় বাবার সঙ্গে দোকানে চা বিক্রিতে সহযোগিতা করতেন মো. রাসেল শেখ। পাশাপাশি পড়াশোনা চালিয়ে গেছেন সমানতালে। এভাবেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। কিন্তু তাঁর উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ।

মো. রাসেল শেখ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা পুরাতন বাজার এলাকার মো. রেজাউল ইসলামের ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি মেজ।

মেধাবী ছাত্র রাসেল গুচ্ছ পরীক্ষায় অংশ নিয়ে ১৮১০তম হয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ভর্তির সুযোগ পান। পরে মাইগ্রেশন পদ্ধতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে ভর্তির জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এখন ভর্তি ও পড়াশোনার খরচ জোগানো নিয়ে চিন্তায় পুরো পরিবার।

রাসেল শেখ বলেন, ‘ধার করা পাঁচ হাজার টাকায় অনলাইনে ভর্তি নিশ্চিত করেছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি ও পড়াশোনা চালানো এখনো অনিশ্চিত। বিত্তবানদের সহযোগিতা চাই।’

পড়াশোনার পাশাপাশি দোকানে বাবার সঙ্গে চা বিক্রির কাজ করেন রাসেল

পারিবারিক সূত্রে জানা গেছে, রাসেলের বাবা রেজাউল ইসলাম একজন তাঁতি ছিলেন। করোনাকালে পুঁজি হারিয়ে বন্ধ হয়ে যায় তাঁত। পরে তিনি পেশা বদল করে যদুবয়রা পুরাতন বাজারে ছোট পরিসরে একটি চায়ের দোকান দেন। রাসেল পড়াশোনার পাশাপাশি দোকানে বাবার সঙ্গে চা বিক্রির কাজ করেন। তিনি যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে ২০২০ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। আর কুমারখালী সরকারি কলেজের বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

রাসেল শেখ বলেন, বাবা গরিব। চায়ের দোকানদার। বাবার সঙ্গে দোকানে কাজ করে পড়াশোনা চালিয়ে এসেছেন এত দিন। এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। সেখানে থেকেই পড়াশোনা করতে চান। এতে টাকা দরকার। কিন্তু বাবার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়।

রেজাউল ইসলাম বলেন, তাঁর ছোট চায়ের দোকানে দিনে ২৫০ থেকে ৩৫০ টাকা আয় হয়। তা দিয়ে তিনি সংসার চালাবেন নাকি ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পড়াবেন? তাঁর ভাষ্য, ঢাকায় থেকে পড়াশোনা করা ছেলের খুব শখ। কিন্তু তাঁর সামর্থ্য নেই। তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

যদুবয়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘গরিব ঘরের হলেও রাসেল অত্যন্ত মেধাবী। খুব কষ্ট করে পড়াশোনা করে এ পর্যন্ত এসেছে। পরিষদের পক্ষ থেকে রাসেলকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।’