কুয়াশার কারণে গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটা থেকে আজ বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল
কুয়াশার কারণে গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটা থেকে আজ বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল ৬ ঘণ্টা

টানা দুই সপ্তাহ ধরে কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথেও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। গত ১৩ দিনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে প্রায় ৭৫ ঘণ্টা ফেরি বন্ধ ছিল। আরিচা-কাজিরহাট রুটে ১০ দিনেই বন্ধ ছিল ৮৫ ঘণ্টা। যথাসময়ে যানবাহন নদী পাড়ি দিতে না পারায় দুর্ভোগের শিকার হন যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাত পৌনে ৩টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ দুই ঘাটে ফেরিগুলো যানবাহন বোঝাই করে নোঙরে থাকে। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের অধীন মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট রুটেও মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে ফেরি চলাচল ব্যাহত হয়। রাত বাড়ার সঙ্গে ভারী কুয়াশা পড়তে থাকলে এই রুটে ফেরি চলাচলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। একপর্যায়ে সামনের সামান্য দূরের কিছুই দেখা না গেলে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর আগে আরিচা ঘাট থেকে ছেড়ে যাওয়া একটি বড় ফেরি মাঝ নদীতে কুয়াশার কবলে আটকা পড়ে। বাকি ফেরিগুলো দুই ঘাটে নোঙর করে ছিল। সাড়ে ৭ ঘণ্টা পর আজ সকাল পৌনে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

ঝিনাইদহ থেকে আসা পণ্যবাহী ট্রাকের চালক আলাউদ্দিন বেপারী বলেন, গত বছর এ সময় কুয়াশায় ফেরি বন্ধ হলেই ঘাটে দুই-তিন থাকতে হবে এই প্রস্তুতি নিতে হতো। এবার আগের মতো ফেরি বন্ধ থাকলেও গাড়ির চাপ না থাকায় শুধুমাত্র ফেরি বন্ধকালীন সময় ঘাটে অপেক্ষা করতে হয়। পদ্মাসেতু চালুর পর দৃশ্যপট পাল্টে গেছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ প্রথম আলোকে বলেন, টানা দুই সপ্তাহ ধরে কুয়াশায় এই দুই রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এর মধ্যে আরিচা-কাজিরহাট রুটে ফেরি বন্ধ থাকছে বেশি। একটি ফেরিতে নানা ধরনের যানবাহন এবং যাত্রী থাকে। কুয়াশার মধ্যে ফেরি চলতে গেলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। ঝুঁকি এড়াতেই ফেরি বন্ধ রাখতে হয়।