চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হল। আজ বেলা সাড়ে ৩টায়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হল। আজ বেলা সাড়ে ৩টায়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আট দাবিতে প্রাধ্যক্ষর কার্যালয়ে তালা দিলেন হল সংসদের নেতারা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কারের আট দফা দাবিতে একটি হলের প্রাধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়েছেন ওই হল সংসদের নেতারা। আজ বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক আলাওল হলে এ ঘটনা ঘটে। পরে বেলা ২টার দিকে প্রাধ্যক্ষের আশ্বাসে এ তালা খুলে দেওয়া হয়।

আলাওল হল সংসদের নেতাদের অভিযোগ, তাঁরা হল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আবাসিক শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করতে চান। তবে হল প্রাধ্যক্ষের অসহযোগিতার কারণে তাঁরা কার্যকরভাবে কাজ করতে পারছেন না। বিভিন্ন সমস্যা নিয়ে একাধিকবার আলোচনা করতে চাইলেও প্রাধ্যক্ষ নানা অজুহাতে বৈঠক এড়িয়ে যাচ্ছেন। এ কারণে বাধ্য হয়ে তাঁরা তালা দিয়েছেন।

হল সংসদের নেতারা জানান, তাঁরা আট দাবিতে কার্যালয়ে তালা দিয়েছেন। এগুলো হলো, ডাইনিংয়ের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র কেনা, ক্যানটিন চালু করা, ঈদে হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন করা, মেডিসিন কর্নার স্থাপন করা, পাঠাগারে নতুন বই সংযোজন করা, হলের সিসিটিভি ক্যামেরা চালু করা, পানির ফিল্টার স্থাপন করা ও হলের কক্ষ সংস্কার করা।

জানতে চাইলে আলাওল হল সংসদের সাধারণ সম্পাদক মো. নুর নবী হাসান বলেন, নতুন হল প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমরা তাঁকে স্বাগত জানিয়েছি। সহযোগিতা করার চেষ্টাও করেছি। কিন্তু তিনি হল সংসদের সঙ্গে বসে আলোচনা করতে আগ্রহ দেখাচ্ছেন না। হলে ছোট-বড় নানা সমস্যা রয়েছে, যেগুলো নিয়ে আমরা বারবার তাঁর সঙ্গে কথা বলতে চেয়েছি। কিন্তু বহুবার চেষ্টা করেও তাঁর সঙ্গে বসার সুযোগ পাইনি। প্রতিবারই তিনি বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে গেছেন।

হল সংসদের যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক মাইন হানজালা বলেন, ‘হলের কক্ষগুলোতে বৃষ্টি হলে ভেতরে পানি চলে আসে। কক্ষ ও ক্যানটিনের বিভিন্ন ধরনের আসবাবেরও প্রয়োজন রয়েছে। এসব দাবি আগেও হল প্রাধ্যক্ষকে জানিয়েছি, কিন্তু সমাধান পাইনি।’

চলতি ৫ মে আনুষ্ঠানিকভাবে হল প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইতিহাস বিভাগের অধ্যাপক জামালুল আকবর চৌধুরী। অভিযোগের বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই নিয়মিত হল সংসদ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছি। আগের প্রশাসনের সময় কিছু ব্যবস্থাপনাগত ত্রুটি ছিল, সেগুলো সমাধানের চেষ্টা করছি। গত পরশু বিকেলও ৪টা ৫০ মিনিট পর্যন্ত হলে বসে সমস্যা সমাধানের চেষ্টা করেছি। বাকি সমস্যাগুলোও সমাধানের চেষ্টা চলছে।