চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশ

নোয়াখালী থেকে যাওয়ার পথে নেতা–কর্মীদের গাড়িতে হামলা, আহত ১৫

নোয়াখালী জেলার মানচিত্র
নোয়াখালী জেলার মানচিত্র

নোয়াখালী থেকে চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশে যোগ দেওয়ার পথে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা বিভিন্ন জায়গায় হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় গাড়িবহরের কমপক্ষে পাঁচটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে। এতে কবিরহাট পৌর বিএনপির আহ্বায়কসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে চট্টগ্রামের নিজামপুর কলেজ, মিরসরাই, সীতাকুণ্ড ও দারোগারহাটে এসব হামলার ঘটনা ঘটে। বিএনপির নেতাদের অভিযোগ, হামলাকারী ব্যক্তিরা এ সময় নেতা–কর্মীদের মারধরের পাশাপাশি সঙ্গে থাকা মুঠোফোন ও টাকা ছিনিয়ে নিয়ে যান।

হামলায় আহত কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ওরফে মঞ্জু প্রথম আলোকে বলেন, দলের বিভাগীয় মহাসমাবেশে যোগদানের উদ্দেশ্যে তাঁরা ১২টি মাইক্রোবাস নিয়ে সকাল ৬টার দিকে কবিরহাট থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে আটটার দিকে তাঁরা বারইয়ারহাটে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধার মুখে পড়েন। পরে পুলিশ তাঁদের সেখান থেকে ছেড়ে দেয়। এরপর মীরসরাই পার হয়ে দারোগারহাটের একটু আগে হামলার শিকার হন তাঁরা। হামলায় তাঁদের তিনটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া সেখানে আরও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
মোস্তাফিজুর রহমান দাবি করেন, হামলায় তিনিসহ কমপক্ষে ১২ নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে আছেন—পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল মোস্তফা চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রানা ওরফে বাটু, ২ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আনোয়ার হোসেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি কামাল উদ্দিন, পৌরসভা ছাত্রদলের সদস্যসচিব আফতাব উদ্দিন ওরফে হৃদয়, পৌর যুবদলের সদস্য অহিদ উল্যাহ। হামলার ঘটনার পর তাঁরা সেখান থেকে নোয়াখালীতে ফিরে যান বলে তিনি জানান।

অন্যদিকে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাশ প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের সমাবেশে যাওয়ার পথে আজ সকালে নিজামপুর কলেজের কাছে দুটি এবং সীতাকুণ্ডের কাছে একটি গাড়ি ভাঙচুর করা হয়। পৃথক এই হামলার ঘটনায় কাদিরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পল্লিচিকিৎসক আরমান হোসেন, বিএনপির সদস্য মো. পলাশ ও একই ইউনিয়নের ছাত্রদল নেতা আনছার উদ্দিন এবং গাড়িচালক বেলাল হোসেন আহত হন। এর মধ্যে গুরুতর আহত গাড়িচালক বেলালকে ফেনীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কামাক্ষ্যা চন্দ্র দাশ অভিযোগ করেন, হামলাকারী ব্যক্তিরা গাড়ি ভাঙচুর ও দলীয় নেতা-কর্মীদের মারধরের সময় তাঁদের সঙ্গে থাকা মুঠোফোন ও টাকাপয়সা ছিনিয়ে নিয়ে যান।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান নোয়াখালী থেকে চট্টগ্রামের বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় সরকারি দলের নেতা-কর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

প্রথম আলোকে তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। কোনো ধরনের উসকানি ছাড়াই পথে পথে তাঁদের ওপর হামলা চালানো হয়। গাড়ি ভাঙচুর করা হয়। তিনি এসব হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।